পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে নগরীতে আনন্দ র্যালি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
শনিবার (২৫ জুন) সকালে সুসজ্জিত ব্যান্ড দলের বাজনার ছন্দে এ র্যালি ক্যাপ্টেন মনসুর আলী সরণিতে ডিএমপি সদরদপ্তর থেকে শুরু হয়ে রাজারবাগ পুলিশ লাইন্সে গিয়ে শেষ হয়।
বর্ণাঢ্য এ পদযাত্রা শেষে রাজারবাগ অডিটোরিয়ামে শুভেচ্ছা বক্তব্যে ডিএমপির অতিরিক্ত কমিশনার (অ্যাডমিন) মীর রেজাউল আলম বলেন, আজকের দিনটি বাঙালির জীবনে স্মরণকালের আনন্দের দিন। প্রধানমন্ত্রীর দূরদৃষ্টি সম্পন্ন বলিষ্ঠ নেতৃত্বে স্বপ্নের পদ্মা সেতু বাস্তবায়ন হয়েছে।
এ সেতুর মাধ্যমে বাংলাদেশ বিশ্ব দরবারে পরিচিত হচ্ছে মন্তব্য করে তিনি বলেন, পুরো জাতির আনন্দের সঙ্গে পুলিশও এ আয়োজনের অংশীদার হয়েছে। এ অর্জনের কারণে বাংলাদেশ বহুদূর এগিয়ে যাবে।
ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) কৃষ্ণ পদ রায় বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে রাজারবাগের এই পবিত্র ভূমি থেকে সশস্ত্র যুদ্ধের প্রথম প্রতিরোধ বুলেট ছুঁড়েছিল বাংলাদেশ পুলিশ। প্রধানমন্ত্রীর নেতৃত্বে সেই পবিত্র ভূমি থেকে আমরা আজ আরেক ঐতিহাসিক গৌরবোজ্জ্বল স্বপ্ন জয়ের সাক্ষী হলাম।
সুসজ্জিত অশ্বারোহী দল ও মোটরকারের এ শোভাযাত্রায় ডিএমপির ৫০টি থানার কমিউনিটি পুলিশের সদস্যরা অংশ নেন।
র্যালিতে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) এ কে এম হাফিজ আক্তার ও অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. আসাদুজ্জামানসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও সদস্যদের উপস্থিতিতে বেলুন উড়ানো হয়।