আলোচনা-সমালোচনা পেরিয়ে আবার সংসদে নিয়মিত হচ্ছেন জামালপুর-৪ আসনের সংসদ সদস্য এবং সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। বাজেট অধিবেশনের শুরু থেকে তিনি সংসদে নিয়মিত আসছেন বলে দেশ টিভিকে জানিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের শীর্ষস্থানীয় এক নেতা।
বৃহস্পতিবার (৩০ জুন) একাদশ জাতীয় সংসদের ১৮তম ও ২০২২ সালের বাজেট অধিবেশনেও তাকে অংশ নিতে দেখা যায়।
গত বছর ডিসেম্বরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নাতনিকে নিয়ে বর্ণ ও নারীর প্রতি বিদ্বেষমূলক মন্তব্য করে সমালোচনায় পড়েন মুরাদ হাসান।
এর কয়েকদিনের মধ্যে চিত্রনায়িকা মাহিয়া মাহির সঙ্গে তার অশালীন আচরণের একটি অডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেত্রীদের নিয়ে মুরাদের অশালীন বক্তব্যের অডিও ছড়িয়ে পড়ে।
এসব নিয়ে চাপে পড়ে মন্ত্রিত্ব ও দলীয় পদ হারাতে হয় তাকে।
পরে দেশ ত্যাগ করে কানাডা গিয়েও থাকতে পারেননি। দেশে ফিরে গ্রামে চলে যান।

সংসদ অধিবেশন। ফাইল ছবি
জামালপুরের আওয়ামী লীগ নেতা মতিয়ার রহমান তালুকদারের ছেলে মুরাদ ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের টিকেটে জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০১৮ সালে তিনি দ্বিতীয়বার সংসদ সদস্য হন।
২০১৯ সালে শেখ হাসিনা তার মন্ত্রিসভায় প্রথমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রীর দায়িত্ব দিয়েছিলেন মুরাদকে। কয়েকমাস পরে তাকে সরিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়।