জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, দেশে গণমাধ্যমের কার্যপরিধি এখন অনেক বিস্তৃত। অবাধ তথ্য প্রবাহের সুবর্ণ সময় অতিক্রম করছে বাংলাদেশ।
শনিবার (২ জুলাই) ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) তৃতীয় সম্প্রচার সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।
বাংলা একাডেমিতে এ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি অংশগ্রহণ করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সাংবাদিকবান্ধব নীতি, ওয়েজবোর্ড গঠনসহ নানামুখী পদক্ষেপ নিয়েছে। গণমাধ্যমকর্মীদের কর্মক্ষেত্রে সুন্দর কর্মপরিবেশ নিশ্চিত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর। গণতন্ত্র চর্চা ও বিকাশের সঙ্গে সংবাদ পরিবেশন ও মিডিয়ার অত্যন্ত নিবিড় সম্পর্ক বিদ্যমান। তাই বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ।
স্পিকার আয়োজনের প্রশংসা করে বলেন, ২০১৯ সাল থেকে যাত্রা শুরু করে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, সুরক্ষা ও কর্ম পরিবেশের উন্নয়নে কাজ করে আজ তাদের সুন্দর অবস্থান নিশ্চিত করতে পেরেছে। জনস্বার্থে সাংবাদিকতা-সংবাদকর্মীর সুরক্ষা প্রতিপাদ্যকে সামনে রেখে আজকের এ আয়োজন প্রশংসনীয়।
অনুষ্ঠানে বিজেসির সভাপতি রেজোয়ানুল হকের সভাপতিত্বে সংগঠনের সদস্য সচিব শাকিল আহমেদসহ ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) সদস্যরা বক্তব্য রাখে।