গ্রামীণ টেলিকমের অবসায়ন চাওয়া রিটকারী আইনজীবী ইউসুফ আলীর ব্যাংক অ্যাকাউন্ট জব্দ (ফ্রিজ) করা হয়েছে।
রোববার (৩ জুলাই) অ্যাডভোকেট ইউসুফ আলী নিজে গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন। তিনি জানান, সকালে বাংলাদেশ ব্যাংকে খোঁজ নিয়ে দেখেছেন তার ৬টি অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে।
এর আগে ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠান গ্রামীণ টেলিকমের বিরুদ্ধে দায়ের করা মামলায় রিটকারীদের এই আইনজীবীর বিরুদ্ধে ১২ কোটি টাকা ফি’র বিনিময়ে সমঝোতার অভিযোগ ওঠে।
এরপর ৩০ জুন এ নিয়ে প্রশ্ন তুলেন হাইকোর্ট। তখন বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের হাইকোর্ট বেঞ্চ বলেছিলেন, বাংলাদেশ কেন, এই উপমহাদেশে এমন কোনো আইনজীবী জন্ম নেননি যার ফি ১২ কোটি টাকা।
আদালত আরও বলেন, আমরা শুনেছি শ্রমিকদের আইনজীবীকে অর্থের বিনিময়ে হাত করে তাদের মামলায় আপস করতে বাধ্য করা হয়েছে।
আদালতে গ্রামীণ টেলিকমের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান। শ্রমিকদের পক্ষে ছিলেন অ্যাডভোকেট ইউসুফ আলী।