মহামারী করোনা ভাইরাসে দেশে গেলো ২৪ ঘণ্টায় দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু দাঁড়াল ২৯ হাজার ১৬২ জনে। শনিবার (২ জুলাই) মৃত্যু সংখ্যা ছিলো ছয়।
২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ১ হাজার ৯০২ জন। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৭৮ হাজার ৬৮৯ জনে। এর আগের দিন অর্থ্যাৎ শনিবার (২ জুলাই) শনাক্ত ছিলো ১ হাজার ১০৫ জন।
রোববার (৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩০৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮ হাজার ২৯৭ জন।
২৪ ঘণ্টায় ১২ হাজার ৩৪৮টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১২ হাজার ২৪৬টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৫ দশমিক ৫৩ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৬ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের ১ জন ঢাকা বিভাগের, ১ জন চট্টগ্রাম বিভাগের। তাদের মধ্যে ১ জন পুরুষ ও ১ জন নারী।
২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।