বিশ্বব্যাংক অর্থায়ন করলে দুই যুগেও পদ্মা সেতুর কাজ শেষ হতো না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মো. তাজুল ইসলাম।
তিনি বলেন, বিশ্বব্যাংক অর্থায়ন না করায় আমাদের স্বপ্নের সেতু দ্রুত বাস্তবায়ন সম্ভব হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ়চেতা মনোবলের কারণে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু যেমনি বিশ্বে আমাদের মর্যাদা বৃদ্ধি করেছে, তেমনি নিরাপদও হয়েছে।
সোমবার (৪ জুলাই) রাজধানীর বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন রচিত ‘বাংলাদেশের ৫০ সাফল্য সম্ভাবনা’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, বিশ্বব্যাংক যদি অর্থায়ন করতো তাহলে তাদের মনমতো কাজ করতে হতো। ডিজাইন পরিবর্তন, টেকনিক্যাল সমস্যা, এখানে এই সমস্যা, সেখানে সেই সমস্যা বলে তাদের মতামত আমাদের ওপরে চাপিয়ে দিতো। না করলে কাজ বন্ধ রাখতে বাধ্য করতো। এতে করে অনেক সময় অপচয় হতো।
তাজুল ইসলাম বলেন, দেশের বিভিন্ন প্রকল্পে যেসব দেশ ও সংস্থা অর্থায়ন করে থাকে তাদের আমরা দাতা দেশ বা দাতা সংস্থা বলে থাকি। এটি ঠিক নয়। এসব দেশ ও সংস্থা আমাদের লোন দেয়, দান করে না। এটি লাভসহ ফেরতযোগ্য। তাই তারা দাতা নয় বরং উন্নয়ন সহযোগী। অথচ তাদের আমরা ভুল করে দাতা বলি যা উচিত নয়।