কোরবানির পশু পরিবহনে কোনো ধরনের চাঁদাবাজি বরদাশত করা হবে না বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। এক্ষেত্রে তিনি পুলিশ কর্মকর্তাদের সজাগ ও সতর্ক থাকার জন্য কঠোর বার্তা দিয়েছেন।
বুধবার (৬ জুলাই) বিকেলে রাজধানীর রাজারবাগে পুলিশ অডিটোরিয়ামে অপরাধ পর্যালোচনা সভায় এ কথা বলেন তিনি।
পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, কোনো সুনির্দিষ্ট কারণ ছাড়া কোরবানির যানবাহন থামানো বা চেক করা যাবে না।
পশুর হাটে পোশাকে ও সাদা পোশাকে পুলিশ মোতায়েনের নির্দেশ দেন তিনি।
আইজিপি বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে হবে। মহাসড়কে বন্ধ থাকবে নসিমন-ভটভটি ইত্যাদি চলাচল।
এছাড়া দূরবর্তী স্থানে মোটরসাইকেল চলাচলের ক্ষেত্রে সরকারি নির্দেশনা মানার জন্য মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন ড. বেনজীর আহমেদ।
সভায় বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি, সব রেঞ্জের ডিআইজি, মেট্রোপলিটন পুলিশের কমিশনার ও জেলার পুলিশ সুপারসহ অন্যান্য ইউনিটের প্রধানরা উপস্থিত ছিলেন।