জামালপুরের ইসলামপুর থেকে ২৫টি ওয়াগনে ৪০০টি গরু নিয়ে ‘ক্যাটল স্পেশালের’ প্রথম ট্রেন ঢাকায় পৌঁছেছে।
বৃহস্পতিবার (৭ জুলাই) সকালে ইসলামপুর রেলওয়ে স্টেশনের মাস্টার শাহীন মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে বুধবার (৬ জুলাই) সন্ধ্যা ৭টায় ট্রেনটি ঢাকার উদ্দেশে রওনা হয়।
বিক্রেতারা বলছেন, ট্রেনে কুরবানির পশু পরিবহনে খরচ কমার পাশাপাশি এড়ানো যাবে ভোগান্তিও। এ ছাড়া এই পরিবহনে দুর্ঘটনার ঝুঁকিও কম।
স্টেশন মাস্টার শাহীন মিয়া দেশ টিভিকে জানান, বুধবার সন্ধ্যায় ক্যাটল স্পেশালের প্রথম ট্রেন ঢাকায় পৌঁছেছে। এমন পরিবহন ব্যবস্থা চালু রাখার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হবে।
তিনি আরও জানান, রাজধানী ঢাকা থেকে ক্যাটল স্পেশালের ফিরতি ট্রেনের জন্য যাত্রীদের আবেদন করতে হবে। পরে কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।
জামালপুরের ইসলামপুর থেকে ক্যাটল স্পেশালের দ্বিতীয় ট্রেনটি ঢাকার উদ্দেশে একই দিন রাত ১০টায় ছেড়ে গেছে।
দেশের বিভিন্ন অঞ্চল থেকে এভাবে গরু নিয়ে বিশেষ ট্রেন টাকায় আসছে। চাঁপাইনবাবগঞ্জ থেকে প্রথম দিন এসেছে ১৩২টি।
পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ সূত্র জানায়, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, আড়ানী ও বড়ালব্রিজ মোট চার স্টেশন থেকে ৩৬টি গরু ও ৯৬টি ছাগল অর্থাৎ ১৩২টি পশু নিয়ে ঢাকায় পৌঁছেছে। ট্রেনের প্রতি ওয়াগনে ২০টি গরু-ছাগল বহন করা যায়। এতে প্রতি ওয়াগনের খরচ পড়ছে ১১ হাজার ৮২০ টাকা।
পশ্চিমাঞ্চল রেলওয়ের জেনারেল ম্যানেজার (জিএম) অসীম কুমার তালুকদার দেশ টিভিকে বলেন, চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা রুটে পাঁচটি ওয়াগন নিয়ে দুটি ‘ক্যাটল স্পেশাল ট্রেন’ চলছে। স্বল্প খরচে এবং নির্বিঘ্নে কোরবানির পশু পরিবহনে ট্রেনটি চালু করা হয়েছে। প্রথম দিনে চারটি ওয়াগন বুকিং হয়েছে। একটি ফাঁকা ছিল। তিন দিন চলবে ট্রেনটি। এক দিন আগেই দিতে হবে বুকিং।’