ঈদের আগে দেশের প্রধান দুই সেতুতে টোল আদায়ে ঊর্ধ্বগতি দেখা গেছে। বঙ্গবন্ধু সেতুতে একদিনে সর্বোচ্চ ৩ কোটি ৩৪ লাখ ৭ হাজার ৭০০ টাকা টোল আদায় হয়েছে। আর পদ্মা সেতুতে আদায় হয়েছে ৩ কোটি ১৬ লাখ ৫১ হাজার ৬৫০ টাকা।
শুক্রবার (৮ জুলাই) সকালে বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী আহসান মাসুদ বাপ্পী জানান, গত ২৪ ঘণ্টায় সেতু দিয়ে ৪৩ হাজার ৫৯৫টি যানবাহন পারাপার হয়েছে।
আর পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী মো. আবুল হোসেন জানিয়েছেন, এই সময়ে মাওয়া পথ দিয়ে চলাচল করেছে ২২ হাজার ৭০৩টি যানবাহন।
বঙ্গবন্ধু সেতুর ঢাকা থেকে উত্তরবঙ্গগামী লেনে ২৫ হাজার ১১৩টি যানবাহন পারাপারের বিপরীতে ১ কোটি ৭৩ লাখ ৮৯ হাজার ৯০০ টাকার টোল আদায় হয়েছে।
অন্যদিকে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী লেনে গাড়ি চলেছে ১৮ হাজার ৪৮২টি। পশ্চিম টোল প্লাজায় আদায় হয়েছে ১ কোটি ৬০ লাখ ১৭ হাজার ৮০০ টাকা।
গত ২৬ জুন পদ্মা সেতু যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়ার পর ২৪ ঘণ্টায় ২ কোটি ৯ লাখ ৪০ হাজার ৩০০ টাকা টোল আদায় হয়েছিল। এ সময় পদ্মা সেতু দিয়ে ৫১ হাজার ৩১৬টি যানবাহন পারাপার হয়েছিল। এরপর গত ২ জুলাই পদ্মা সেতুতে ৩ কোটি ১৬ লাখ ৫৩ হাজার ২০০ টাকা টোল আদায় করা হয়। এটিই পদ্মা সেতুতে সর্বোচ্চ টোল আদায়। ওই দিন সেতু দিয়ে গাড়ি চলাচল করে ২৬ হাজার ৩৯৮টি।