পদ্মা সেতুতে রেকর্ড ৪ কোটি টাকা টোল আদায়ের পর গত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতুতে পৌনে চার কোটি টাকা আদায় হয়েছে।
বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী এহসান মাসুদ বাপ্পী গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করে শনিবার (৯ জুলাই) বলেন, শুক্রবার (৮ জুলাই) সকাল থেকে শনিবার (৯) সকাল পর্যন্ত দুপাড়ের টোলপ্লাজায় আদায় হয়েছে ৩ কোটি ৯০ লাখ ৬ হাজার ৫০ টাকা। পরিবহন পারাপার হয়েছে ৪১ হাজার ৮১৭টি।
এরমধ্যে বঙ্গবন্ধু সেতুর পূর্ব টোলপ্লাজা অতিক্রম করেছে ২৯ হাজার ৭২টি পরিবহন, টোল আদায় হয়েছে দুই কোটি ৫৮ লাখ ৬৫ হাজার টাকা। অপরদিকে সেতুর পশ্চিমপ্রান্ত টোলপ্লাজা অতিক্রম করেছে ১২ হাজার ৮৭৮টি পরিবহন, বিপরীতে এক কোটি ৩১ লাখ ৯৫ হাজার ৫০ টাকা আদায় হয়েছে।
এর আগে বঙ্গবন্ধু সেতুতে বৃহস্পতিবার (৭ জুলাই ) সকাল থেকে শুক্রবার (৮ জুলাই ) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দুপাড়ের টোলপ্লাজায় আদায় হয়েছিল ৩ কোটি ৩৪ লাখ ৭ হাজার ৭০০ টাকা। পরিবহন পারাপার হয়েছিল ৪৩ হাজার ৫৯৫টি।
অন্যদিকে পদ্মা সেতু বিভাগের নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের গণমাধ্যমকে জানিয়েছেন, বৃহস্পতিবার রাত ১২টা থেকে শুক্রবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪ কোটি ১৯ লাখ ৩৯ হাজার ৬৫০ টাকা টোল আদায় হয়েছে। একদিনে এটিই সর্বোচ্চ টোল আদায়ের রেকর্ড।