পৃথিবীর ধনী দেশগুলো থেকে প্রতি বছর যে পরিমাণ কার্বন নিঃসরণ হয়, তার কারণেই বাংলাদেশে ভয়াবহ বন্যা হচ্ছে বলে মনে করেন ব্রিটেনের জলবায়ু গবেষক অধ্যাপক স্টিভ মার্টিন।
স্টিভ মার্টিন রোববার (১০ জুলাই) ব্রিটেনের প্রভাবশালী গণমাধ্যম দ্য গার্ডিয়ানের চিঠিপত্র বিভাগে এ বিষয়ে একটি নিবন্ধ লিখেছেন। সেখানে তিনি বলেন, ‘উন্নত দেশগুলো জীবাশ্ম জ্বালানীর ওপর যেভাবে নির্ভরশীল হয়ে উঠছে সেটি শঙ্কার।’
নটিংহাম বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক মনে করেন, ‘কার্বন নিঃসরণের জন্য বাংলাদেশের মতো একটি অঞ্চলকে কোনোভাবেই দায়ী করা যায় না। পৃথিবীর মোট কার্বন নিঃসরণের মাত্র ০.৩ শতাংশ হয় বাংলাদেশ থেকে।’
স্টিভ মার্টিন ২০০৪ সালে বাংলাদেশে এসেছিলেন। তখনো সিলেটের সুনামগঞ্জে ভয়াবহ বন্যা দেখেন। সেই স্মৃতি মনে করে তিনি লিখেছেন, ‘নৌকায় যাওয়ার সময় দেখেছি নষ্ট ধান রক্ষার জন্য মানুষ কীভাবে লড়াই করছে। চারদিকে শুধু পানি আর পানি।’
সিলেটের সাম্প্রতিক বন্যার জন্য স্থানীয় রাস্তাঘাটের পাশাপাশি নদী ভরাটকে দায়ী করা হলেও উন্নত দেশের কার্বন নিঃসরণের প্রসঙ্গ এখনো আলোচনায় আসেনি।
তবে অতীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে এ বিষয়ে জোরালো বক্তব্য দিতে দেখা গেছে।
মার্টিন বলছেন, ‘‘জলবায়ুর এই দুরবস্থা নিয়ে এখনই আলোচনা শুরু না করলে পরিবেশের অবর্ণনীয় ক্ষতি হবে। অন্যথায় আমাদের ‘জলবায়ু গণহত্যায়’ অভিযুক্ত হতে হবে।’’
বায়ুমণ্ডলে কার্বন বেড়ে গেলে বৈশ্বিক উষ্ণতা বেড়ে যায়। তখন দক্ষিণ ও উত্তর মেরুর বরফ গলে সমুদ্রের পানিতে গিয়ে মেশে। সেই পানি নিচু দেশগুলোকে ভাসিয়ে নিয়ে যায়।
ইউরোপীয় কমিশনের (ইসি) জয়েন্ট রিসার্চ সেন্টার ও পিবিএল নেদারল্যান্ডস এনভায়রনমেন্টাল অ্যাসেসমেন্ট এজেন্সির এক যৌথ গবেষণায় বলা হয়েছে, বিশ্বের সবচেয়ে বড় দুই অর্থনীতি যুক্তরাষ্ট্র ও চীন সম্মিলিতভাবে বৈশ্বিক কার্বন নিঃসরণের ৪০ শতাংশের জন্য দায়ী। একই সঙ্গে কার্বন নিঃসরণে চীন-যুক্তরাষ্ট্রের পাশাপাশি এশিয়া ও ইউরোপের বড় অর্থনীতির দেশগুলো সবচেয়ে এগিয়ে রয়েছে।
২০২০ সালে প্রকাশিত ওই প্রতিবেদন অনুযায়ী, সবচেয়ে বেশি কার্বন নিঃসরণ করে চীন। দেশটি প্রতি বছর ১১ হাজার ২৫৬ মেগা টন (প্রতি মেগা টনে ১০ লাখ টন) কার্বন নিঃসরণ করে। এর পরই রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির কার্বন নিঃসরণের পরিমাণ বছরে ৫ হাজার ২৭৫ মেগা টন।
ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলো সম্মিলিতভাবে বছরে ৩ হাজার ৪৫৭ মেগা টন কার্বন নিঃসরণ করে।
তালিকায় এর পরই রয়েছে ভারত। দেশটির কার্বন নিঃসরণের পরিমাণ বছরে ২ হাজার ৬২২ মেগা টন। রাশিয়া ও জাপান প্রতি বছর যথাক্রমে ১ হাজার ৭৪৮ মেগা টন ও ১ হাজার ১৯৯ মেগা টন কার্বন নিঃসরণের জন্য দায়ী।