তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, যারা ঘরে ঘরে বিদ্যুৎ দিতে পারেনি, বিদ্যুতের দাবিতে মিছিলকারীদের ওপর গুলিবর্ষণ করেছে তাদের বিদ্যুৎ নিয়ে কথা বলারই অধিকারই নেই।
তিনি আরও বলেন, আসলে বিএনপির কাছে কোনো ইস্যু নেই তো, তাই কিছু একটা তো বলতে হবে, সেজন্যই কথা বলে।
মঙ্গলবার (১২ জুলাই) বিকেলে চট্টগ্রাম নগরীর দেওয়ানজি পুকুর পাড়ের বাসায় সমসাময়িক বিষয়ে ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, বিএনপির আমলে তো ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছাতে পারেনি। বরং তখন বিদ্যুতের দাবিতে মানুষ বিক্ষোভ করেছে, তখন কানসাটে তাদের ওপর গুলি করে অনেককে হত্যা করেছে। চট্টগ্রামে মোমবাতি নিয়ে মিছিল হয়েছে। ঢাকায় বিদ্যুৎ অফিস ঘেরাও হয়েছে। মানুষ হারিকেন নিয়ে মিছিল করেছে। এখন হারিকেন কি এটি বর্তমান প্রজন্মের ছেলেমেয়েদের জিজ্ঞাসা করলে বলতে পারবে না। কারণ হারিকেনের ব্যবহার নেই। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছেন।
অফিসের চার দেয়াল ও নেতাকর্মীদের মধ্যে সীমাবদ্ধ না থেকে চোখ মেলে বিশ্ব পরিস্থিতির দিকে তাকানোর জন্য বিএনপির নেতাদের পরামর্শ দিয়ে ড. হাছান মাহমুদ বলেন, পৃথিবীর উন্নত দেশগুলোতেও সাশ্রয়ীভাবে বিদ্যুৎ ব্যবহার করা হচ্ছে। ফ্রান্সসহ ইউরোপের অন্যান্য দেশে সাশ্রয়ীভাবে বিদ্যুৎ ব্যবহার করার জন্য সবাইকে আহ্বান জানানো হয়েছে। অস্ট্রেলিয়ার কোনো কোনো জায়গায় ১৫ থেকে ১৮ ঘণ্টা লোডশেডিং হয়েছে। উন্নত দেশগুলোর কোনো কোনোটিতেও লোডশেডিং হয়েছে এবং সেখানে সাশ্রয়ীভাবে বিদ্যুৎ ব্যবহার করা হচ্ছে। অর্থনৈতিকভাবে অনেক সামর্থ্যবান দেশগুলোও সাশ্রয়ীভাবে বিদ্যুৎ ব্যবহার করছে। প্রধানমন্ত্রী সেভাবেই সাশ্রয়ীভাবে বিদ্যুৎ ব্যবহারের আহ্বান জানিয়েছেন।