বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ পেতে পারেন প্রণয় কুমার ভার্মা। তিনি বিক্রম দোরাইস্বামীর স্থলাভিষিক্ত হবেন। প্রণয় কুমার ভার্মা বর্তমানে ভিয়েতনামে ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন।
অন্যদিকে, বিক্রম দোরাইস্বামী যুক্তরাজ্যে নিজ দেশের মিশনের দায়িত্ব নিতে যাচ্ছেন।
মঙ্গলবার (১২ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম উইঅন এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে নিযুক্ত বর্তমান হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী যুক্তরাজ্যে ভারতীয় হাইকমিশনার হিসেবে নিযুক্ত হবেন। অন্যদিকে ঢাকায় নিয়োগ পাবেন প্রণয় কুমার ভার্মা।
তিনি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পূর্ব এশিয়া বিভাগের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং ভারতের পারমাণবিক কূটনীতির দেখাশোনাকারী পরমাণু শক্তি বিভাগে আন্তর্জাতিক সম্পর্কের মহাপরিচালকও ছিলেন।
এর আগে ভারতীয় একাধিক গণমাধ্যমের খবরে জানানো হয়েছিল, ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার হিসেবে যুক্তরাষ্ট্রে নিযুক্ত ভারতীয় মিশনের বর্তমান ডেপুটি চিফ সুধাকর দালেলা নিয়োগ পেতে পারেন।
তবে তাকে এখন ভুটানে ভারতের হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হবে বলে জানা গেছে। ১৯৯৩ সালে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন দালেলা। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে ভারতীয় মিশনের উপ-প্রধানের দায়িত্বে রয়েছেন। তাছাড়া তিনি ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়েও নিয়োজিত ছিলেন।