ঈদযাত্রায় বাস-ট্রেনে যাত্রীদের নানান দুর্ভোগের মধ্যে দিয়ে বাড়ি যেতে হলেও ফিরছেন অনেকটা আরামেই। বাস ও ট্রেনের যাত্রীরা বলছেন, ফেরার পথে নির্দিষ্ট বাস ও ট্রেন নির্ধারিত সময়েই ছেড়েছে। পথেও কোনো ভোগান্তি হয়নি।
জানা যায়, বুধবার (১৩ জুলাই) রাজধানীর গাবতলী বাস টার্মিনালে ভোর থেকেই দূরপাল্লার পরিবহনগুলো ঢাকায় প্রবেশ করতে শুরু করেছে। মঙ্গলবার (১২ জুলাই) রাতে ছেড়ে আসা বাসগুলো নির্ধারিত সময়ের মধ্যে ঢাকায় পৌঁছে গেছে। ফেরিপথে কিছুটা যানজট থাকলেও সড়কপথে যানজটের কবলে পড়তে হয়নি।
যাত্রীরা গণমাধ্যমকে বলেন, রাস্তায় কোনো যানজট না থাকায় দ্রুত সময়ের মধ্যে তারা ঢাকায় চলে আসতে পেরেছেন। যারা আগে থেকে ফিরতি টিকিট কেটে রেখেছেন তাদের সমস্যা হচ্ছে না।
জামালপুর থেকে আসা যমুনা এক্সপ্রেসের এক যাত্রী গণমাধ্যমকে জানান, ছুটি শেষে আবার ঢাকায় ফিরে এসেছেন। ট্রেনে কোনো বাড়তি ভিড় নেই। নির্বিঘ্নেই ঢাকায় পৌঁছেছেন।
এ ব্যাপারে কমলাপুর স্টেশন মাস্টার মো. আফছার উদ্দিন গণমাধ্যমকে বলেন, আজ ঢাকা ছাড়ার যাত্রীর চাপ স্বাভাবিক। কিন্তু আসার যাত্রী বেশি। শুক্র (১৫ জুলাই) ও শনিবার (১৬ জুলাই) আসার যাত্রী সবচেয়ে বেশি হবে। এখন ট্রেন চলাচলে কোনো বিপর্যয় নেই। বুধবার মোট ৪১ জোড়া ট্রেন আসা-যাওয়া করবে।