বাংলাদেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা তার পথচলার ২৫ বছর পূর্ণ করছে। রজত জয়ন্তী উপলক্ষে শুক্রবার (১৫ জুলাই) থেকে পাঁচ দিনব্যাপী বিশেষ অনুষ্ঠান সম্প্রচার শুরু করেছে এটিএন বাংলা। দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে এটিএন বাংলা প্রধান কার্যালয়ে জন্মদিনের কেক কাটেন চ্যানেলটির চেয়ারম্যান ড মাহফুজুর রহমান। ওইসময় উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, কৃষিমন্ত্রী ড আবদুর রাজ্জাক, শিক্ষামন্ত্রী ড দীপুমণি, সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদসহ সমাজের বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিরা। এসময় দেশ টিভির পক্ষ থেকেও এনটিএন বাংলার জন্মদিনে শুভেচ্ছা জানানো হয়। দেশ টিভি'র ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসান এটিএন বাংলার চেয়ারম্যান ড মাহফুজুর রহমানের কাছে শুভেচ্ছার ফুলের তোড়া তুলে দেন। এসময় দেশ টিভির প্রতিনিধি দলের অন্যান্যরা উপস্থিত ছিলেন।
অবিরাম বাংলার মুখ- শ্লোগানকে হৃদয়ে ধারণ করে ১৯৯৭ সালের ১৫ জুলাই যাত্রা শুরু করেছিল চ্যানেলটি। ওইদিন থেকে বিশ্বব্যাপী বাংলা ভাষার সম্প্রচারে ভূমিকা রাখতে সহায়তা শুরু করে এই চ্যানেল। ২০০১ সালে সংবাদ সম্প্রচার শুরু করে চ্যানেলটি।
শুধু সংবাদ নয়, অনুষ্ঠান সম্প্রচারেও এটিএন বাংলা নিজেকে এগিয়ে নেয় । বিনোদনের পাশাপাশি শিক্ষা, খেলাধুলা, সমাজ, সংস্কৃতি নিয়ে অনুষ্ঠান সম্প্রচারের বিষয়ে বারবরই প্রাধান্য দিয়েছে এটি।
দীর্ঘ পথ পরিক্রমায় এটিএন বাংলার অর্জনের মধ্যে উল্লেখযোগ্য হলো- ২০০৪ সালের ২২ নভেম্বর আমরাও পারি অনুষ্ঠানের জন্য ছোট পর্দার অস্কার খ্যাত এমি অ্যাওয়ার্ড অর্জন। এছাড়াও অনেক সম্মাননা রয়েছে চ্যানেলটির প্রাপ্তির তালিকায়। রজত জয়ন্তী উদ্যাপন উপলক্ষে পাঁচ দিনব্যাপী উৎসবের প্রথমদিনে শুক্রবার সকাল ১০টা ২০ মিনিটে বিএফডিসির আট নম্বর ফ্লোরে অবস্থিত এটিএন বাংলার স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হয় বিশেষ সংগীতানুষ্ঠান ও রজত জয়ন্তীর গানের মেলা। অনুষ্ঠানটির পরিচালনায় ছিলেন সেলিম দৌলা খান এবং রুমানা আফরোজ। নীল দুপুর তিনটায় আগত অতিথিদের ফুলেল শুভেচ্ছা গ্রহণের পাশাপাশি এটিএন বাংলার নিজস্ব স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হয় বিশেষ অনুষ্ঠান।। রাত সাড়ে ১০টায় সম্প্রচার করা হবে ফাগুন অডিও ভিশন নির্মিত বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান পাঁচফোড়ন। এছাড়াও রাজনীতিবিদ, দেশের বিশিষ্ট নাগরিক এবং গণমাধ্যম ও সাস্কৃতিক কর্মীদের শুভেচ্ছা জানানোর তথ্য সম্প্রচার করা হয়।