দেশে ডেঙ্গুর প্রভাব সহনীয় পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী (এলজিআরডি) মো. তাজুল ইসলাম।
তিনি বলেন, কয়েক বছর আগেও দেশে ডেঙ্গু আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু মন্ত্রণালয়ের শক্ত অবস্থান, সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলরের তদারকি, সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টিসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং ব্যক্তিদের পরিশ্রমের কারণে ডেঙ্গু এখন নিয়ন্ত্রণে রয়েছে।
রোববার (১৭ জুলাই) রাজধানীর কাকরাইলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, বিগত দুই তিন বছরে কিছু মানুষ আক্রান্ত হয়েছে, আবার দুর্ভাগ্যজনকভাবে কয়েকজন মারাও গিয়েছে। কিন্তু সার্বিকভাবে বিবেচনা করলে পার্শ্ববর্তী দেশ যেমন- সিঙ্গাপুর, মালয়েশিয়া, ভিয়েতনাম ও ফিলিপাইনের তুলনায় আমাদের অবস্থা ভাল ছিলো এবং এখনো পর্যন্ত ভালো অবস্থানে রয়েছে।
মো. তাজুল ইসলাম জানান, এ বছর ঢাকায় এখন পর্যন্ত জলাবদ্ধতা সৃষ্টি হয়নি। জলাবদ্ধতার কারণে নগরবাসীর যে অবর্ণনীয় কষ্ট হতো সেটি কিন্তু এখন আর নেই। কারণ ঢাকা ওয়াসা থেকে সিটি করপোরেশনের নিকট খালগুলো হস্তান্তর করায় দুই মেয়র জনগণকে সাথে নিয়ে অনেক কাজ করেছেন। অবৈধভাবে দখল হওয়া খালগুলো উদ্ধার করে সংস্কার, খনন ও পুনঃখনন এবং ময়লা আবর্জনা পরিষ্কার-পরিচ্ছন্ন করেছেন; যার কারণেই আজকের এই সুফল।
ইউএনভি বাংলাদেশের কান্ট্রি কো-অর্ডিনেটর আকতার উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম খান এবং ইউএন রেসিডেনসিয়াল কো-অর্ডিনেটর গ্যান লু্ইস বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এছাড়া, অ্যাকশন এইডের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবীর এবং ইউএনভির এশিয়া এন্ড দ্য প্যাসিফিকের রিজিওনাল ম্যানেজার দিমিত্রি ফ্রাচসিন বক্তব্য রাখেন।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং ইউনাইটেড ন্যাশনস ভলান্টিয়ার (ইউএনভি) ও ইউএনডিপি বাংলাদেশ অনুষ্ঠানের আয়োজন করে।