আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশের সংবিধান ও আইনের শাসনের প্রতি বিএনপির কোনো বিশ্বাস নেই।
সোমবার (১৮ জুলাই) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) প্রধান কার্যালয়ে সংস্থাটির সার্বিক কার্যক্রম সম্পর্কিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
বর্তমান নির্বাচন কমিশনের (ইসি) কোনো ক্ষমতা নেই- বিএনপি মহাসচিবের এমন বক্তব্যে প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, একটি স্বাধীন ও সাংবিধানিক প্রতিষ্ঠান নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এ ধরনের বক্তব্য দেশের গণতন্ত্র, সব সংসদ সদস্য এবং সংবিধান ও আইনের শাসনের প্রতি নির্মম উপহাস ছাড়া আর কিছুই নয়।
জনগণের ভোটে নয়, বিদেশি প্রভুদের তুষ্ট করে, ষড়যন্ত্রের মাধ্যমে বিএনপি ক্ষমতা দখল করতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বর্তমান সরকার যদি পরিবর্তন না হয় এবং নিরপেক্ষ সরকার যদি না আসে তাহলে দেশে কোনো নির্বাচন হবে না- মির্জা ফখরুল ইসলামের এমন মন্তব্য প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি সরকার পরিবর্তন চায়, অথচ নির্বাচনে আসেন না। সরকার পরিবর্তন চাইলে তো নির্বাচনে আসতে হবে। নির্বাচন ছাড়া সরকার পরিবর্তনের কোনো সুযোগ নেই।
ওবায়দুল কাদের বলেন, নির্বাচনকালীন সরকারের বিষয়টি উচ্চ আদালত কর্তৃক মীমাসিংত ইস্যু। এনিয়ে নতুন করে আলোচনার কোনো সুযোগ নেই। শেখ হাসিনা থাকলেই নির্বাচন সুষ্ঠু হবে ৷ শেখ হাসিনা নির্বাচনে কোনো প্রকার হস্তক্ষেপ হোক, এটা চান না।
তিনি বলেন, সরকার অন্যান্য গণতান্ত্রিক দেশের মতো ইসিকে একটা অবাধ, সুষ্ঠু নির্বাচন আয়োজনে সহযোগিতা দিয়ে যাবে। সরকার ক্ষমতায় থাকলেও নির্বাচন সংক্রান্ত সবকিছু ইসির অধীনে থাকবে। বিএনপির কাছে ইসি তখনই নিরপেক্ষ, যখন তারা নির্বাচনে জয়ী হবার শতভাগ গ্যারান্টি পাবে।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন এ নিশ্চয়তা ইসি বিএনপিকে দিতে পারে না। ইসিকে নিরপেক্ষ হতে হলে বিএনপির ভাষায় তাদেরকে জয়ী হওয়ার গ্যারান্টি দিতে হবে।
এর আগে সড়ক তিনি বিআরটিএ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেন। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরি ও বিআরটিএ'র চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় যানজট ও দুর্ঘটনা রোধে শতভাগ মনযোগ দিয়ে কাজ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়ে সড়ক মন্ত্রী বলেন, দুর্ঘটনা রোধে সচেতনতার বিষয়ে রাজনৈতিক নেতাদেরও এগিয়ে আসতে হবে।