দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার (১৯ জুলাই) চারটি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসছে নির্বাচন কমিশন।
মঙ্গলবারের সংলাপে আসার কথা বাংলাদেশ কল্যাণ পার্টি, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ খেলাফত মজলিস এবং বাংলাদেশের সাম্যবাদী দল।
নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, ধাপে ধাপে বিকেল পাঁচটা পর্যন্ত সংলাপ হবে।
সংলাপের প্রথমদিন ১৭ জুলাই ইসি চারটি রাজনৈতিক দলকে সংলাপের আমন্ত্রণ জানালেও এতে অংশ নেয় তিনটি দল। অংশগ্রহণকারী দল তিনটি হলো- জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম), বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ), বাংলাদেশ কংগ্রেস। সংলাপের প্রথম দিন বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল) অংশগ্রহণ করেনি।
দ্বিতীয় দিন চারটি দল অংশগ্রহণ করছে। দলগুলো হলো বাংলাদেশ ইসলামী ফন্ট খেলাফত মজলিস, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট ও বাংলাদেশের বিপ্লবী ওয়াকার্স পার্টি।
ইসির সংলাপ চলবে আগামী ৩১ জুলাই পর্যন্ত।
ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ দেশ টিভিকে বলেন, ‘রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ ১৭ জুলাই থেকে শুরু হয়েছে। প্রথম দিন চারটি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়, দ্বিতীয় ও তৃতীয় দিনেও চারটি করে দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের সংলাপে মুক্ত আলোচনা হবে। ইসির পক্ষ থেকে সংলাপে কোনো এজেন্ডা রাখা হচ্ছে না বরং সংলাপে কমিশন রাজনৈতিক দলগুলোর মতামত শুনবে। প্রতিটি দল থেকে সংলাপে সর্বোচ্চ ১০ জন করে প্রতিনিধি অংশ নিতে পারছেন।’