ঈদুল আজহার দিনগুলোতে সড়ক দুর্ঘটনায় সারা দেশে ৩৯৮ জন মারা গেছেন বলে নিজেদের পর্যবেক্ষণ প্রতিবেদনে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটির দাবি, গত সাত বছরে এবার ঈদে সর্বোচ্চ দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১৯ জুলাই) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী।
‘ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনা প্রতিবেদন-২০২২’ শীর্ষক পর্যবেক্ষণে ৩ জুলাই থেকে ১৭ জুলাই পর্যন্ত ১৫ দিনের পরিসংখ্যানের তথ্য উল্লেখ করে মোজাম্মেল হক চৌধুরী বলেন, ‘এবার ঈদে ৩১৯টি সড়ক দুর্ঘটনায় ৩৯৮ জন নিহত হওয়ার পাশাপাশি আহত হয়েছেন ৭৭৪ জন যাত্রী।’
তাদের হিসাবে দুর্ঘটনার শীর্ষে রয়েছে মোটরসাইকেল। এবার ১১৩টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৩১ জন নিহত হওয়ার পাশাপাশি ৬৮ জন আহত হয়েছেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, যাত্রী কল্যাণ সমিতির সড়ক দুর্ঘটনা মনিটরিং সেলের সদস্যরা ‘বহুল প্রচারিত ও বিশ্বাসযোগ্য’ জাতীয় দৈনিক, আঞ্চলিক দৈনিক এবং অনলাইন দৈনিকে প্রকাশিত সংবাদ পর্যবেক্ষণ করে এই প্রতিবেদন তৈরি করেছে।
সংগঠনটি বলছে, সড়ক ও যানবাহনে এবার বেশি অব্যবস্থাপনা ছিল। এবারের ঈদের সবচেয়ে বেশি ভাড়া নৈরাজ্য হয়েছে।