৭৫ লাখ ডোজ টিকার লক্ষ্যমাত্রা পূরণ না হলে বুস্টার ডোজ কার্যক্রম বুধবার (২০ জুলাই) ও বৃহস্পতিবার (২১ জুলাই) বুস্টার ডোজ ক্যাম্পেইন চলবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ডা. খুরশিদ আলম।
মঙ্গলবার (১৯ জুলাই) বুস্টার দিবস উপলক্ষে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) টিকা কেন্দ্র পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
কেন্দ্রে টিকা নিতে আসা মানুষের কম উপস্থিতি নিয়ে তিনি বলেন, কোভিডের ভয়াবহতা মারাত্মক না হওয়ায় বুস্টার ডোজ নিতে মানুষের আগ্রহ কম দেখা যাচ্ছে।
মঙ্গলবার (১৯ জুলাই) সকাল ৯টা থেকে সারা দেশে একযোগে করোনাভাইরাস টিকার বুস্টার ডোজ দেয়া শুরু হয়েছে। এ টিকাদান কার্যক্রম চলবে বিকেল ৪টা পর্যন্ত।
রাজধানীর রাজারবাগ কেন্দ্রের একজন টিকাদানকর্মী গণমাধ্যমকে বলেন, সকালে টিকা নিতে আসা মানুষের সংখ্যা কম দেখা গেছে।
স্বাস্থ্য অধিদফতর জানায়, ৭৫ লাখ মানুষকে করোনাভাইরাস প্রতিরোধী টিকা দেয়ার লক্ষ্যে দেশব্যাপী এ ক্যাম্পেইন চলছে। এতে ৭৫ লাখ টিকা বুস্টার তৃতীয় ও দ্বিতীয় ডোজ হিসেবে দেয়া হবে। দেশে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি ও তুলনামূলক কম বুস্টার (তৃতীয়) ডোজ কাভারেজ বিবেচনা করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
করোনা সংক্রমণ রোধে মঙ্গলবার (১৯ জুলাই) বুস্টার ডোজ দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ১৮ বছরের বেশি যে কেউ দ্বিতীয় ডোজ নেওয়ার চার মাস পূর্ণ হলে এদিন বুস্টার ডোজ গ্রহণ করতে পারবেন। বুস্টার ডোজ হিসেবে ফাইজার টিকা ব্যবহার হবে বলে জানা যায়।