জাতীয়

ক্ষমা চাইলেন সিইসি

সিইসি কাজী হাবিবুল আউয়াল
সিইসি কাজী হাবিবুল আউয়াল

নির্বাচনে কেউ তলোয়ার নিয়ে দাঁড়ালে তা প্রতিরোধে রাইফেল নিয়ে দাঁড়াতে হবে- এমন বক্তব্যের জন্য ক্ষমা চাইলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

ওই বক্তব্যের জন্য তিনি অনুতপ্ত বলেও জানান। তবে তিনি দাবি করেন, ওই বক্তব্য তিনি মিন করে দেননি। কৌতুক করে বলেছেন।

মঙ্গলবার (১৯ জুলাই) নির্বাচন ভবনে ইসলামী ঐক্যজোটের সঙ্গে সংলাপের সমাপনী বক্তব্যে এসব কথা বলেন সিইসি। দলের চেয়ারম্যান আবুল হাসনাত আমিনীর নেতৃত্বে ঐক্যজোটের ১০ সদস্যের একটি প্রতিনিধিদল সংলাপে অংশ নেয়। সংলাপে বক্তব্যের সময় ‘তলোয়ার নিয়ে এলে আপনারা রাইফেল নিয়ে দাঁড়াবেন’-সিইসিকে এ ধরনের বিতর্কিত বক্তব্য না দেওয়ার পরামর্শ দেয় দলটি। পরে সমাপনী বক্তব্যে সিইসি এর জবাব দেন।

রাজনৈতিক দলগুলোর উদ্দেশে হাবিবুল আউয়াল বলেন, আপনারা মাঠে থাকবেন। মাঠটা নিয়ন্ত্রণ করবেন আপনারা, যারা যারা প্রার্থী থাকবেন। আপনাদের সহযোগিতা ও সমর্থন আমি একান্তভাবে কামনা করছি।

নির্বাচনে অর্থশক্তি ও পেশিশক্তিসহ অস্ত্রশক্তির প্রসঙ্গ টেনে সিইসি বলেন, একটা বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। গত পরশু বলেছিলাম, যদি কেউ তলোয়ার নিয়ে আসে আপনারা রাইফেল নিয়ে দাঁড়াবেন। এটা আপনাদের বুঝতে হবে যে, একজন প্রধান নির্বাচন কমিশনার এই কথাটা কখনো মিন করে বলতে পারেন না। আমি হয়তো অল্পশিক্ষিত। অল্পশিক্ষিত মানুষ হলেও এ ধরনের কথা বলতে পারে না। ববি হাজ্জাজ নামের এক ভদ্রলোক, ওনার কথার পিঠে আমি হেসে বললাম, তলোয়ার নিয়ে দাঁড়ালে আপনি একটা বন্দুক নিয়ে দাঁড়াবেন।

এটা হচ্ছে কথার পিঠে কথা, এটা কখনো একজন প্রধান নির্বাচন কমিশনার মিন করতে পারেন না। আর যদি মিন করতাম তাহলে তো প্রথমদিন থেকেই আমি সবাইকে বলতাম অস্ত্র সংগ্রহ করতে। আপনারা অস্ত্র সংগ্রহ করে নিজেদের শক্তিশালী করুন। এই কথা কিন্তু আমি কখনো বলিনি। আমরা অনেক সময় ইংরেজিতে একটি শব্দ বলি, হিউমার অর্থাৎ রস বা কৌতুক করে বলি।

তিনি বলেন, এটাকে একেবারে জাতীয় পর্যায়ে অকাট্য সত্য ঐশ্বরিক একটা বাণী হিসেবে প্রচার করা হয়েছে। মিডিয়াকে আমি খুব সম্মান করি। মিডিয়াকে অবাধ সুযোগ দিয়েছি। আমরা কোনো রাখঢাক করি নাই। আমাদের কথা এবং ছবি দুটোই ওখানে (মিডিয়া) আসে। কেন আমাদের সাংবাদিকরা এটা করলেন, বুঝে নাকি না বুঝে? ওনাদের প্রতি আমার শ্রদ্ধা অক্ষুণ্ন আছে। এটা করে আমার মর্যাদাটাকে একেবারে ক্ষুণ্ন করে দেওয়া হয়েছে।

সিইসি বলেন, আপনারা বিশ্বাস করছেন, আমার বাবা বেঁচে থাকলে উনি হয়তো বিশ্বাস করতেন আমার ছেলে এ রকম বাজে পরামর্শ দিলো কেন? আমার মা বেঁচে থাকলে বিশ্বাস করতেন, বলতেন বাবা এত খারাপ পরামর্শ দিলে কেন? কারণ, তারা পেপার পড়তেন। আমি এজন্য বলবো কখনো কখনো আমরা ভুল করি। আমি হিউমার করতে গিয়েছিলাম, এটা রস। এটাকে যদি ওইভাবে প্রচার না করে বস্তুনিষ্ঠভাবে প্রচার করা যেতো যে, উনি (আমি) হিউমার করে বলেছেন। কারণ আমার ভাই এটা বিশ্বাস করেছেন, বলেছেন আমি যেন এ রকম কথা না বলি। আমি কিন্তু আপনাদের অস্ত্র নিয়ে প্রস্তুত থাকতে বলতাম না, সেটা আমি মিন করিনি। আমাকে ক্ষমা করবেন। ক্ষমা করবেন।

উল্লেখ্য, রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের শুরুর দিন রোববার (১৭ জুলাই) জাতীয়তাবাদী গণতান্ত্রিক দলের (এনডিএম) সঙ্গে সংলাপের সময় ‘তলোয়ারের বিপরীতে রাইফেল নিয়ে দাঁড়ানো’র পরামর্শ দিলেও ওইদিন বিকেলে বাংলাদেশ কংগ্রেসের সঙ্গে সংলাপে ‘তলোয়ার-রাইফেল নিয়ে যুদ্ধ না করা’র পরামর্শ দেন তিনি। বাংলাদেশ কংগ্রেসের সঙ্গে সংলাপে এমন পরামর্শ দেন তিনি।

এনডিএমের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে সিইসি বলেন, ভোটের মাঠে নিয়ম লঙ্ঘন করে কেউ যদি তলোয়ার নিয়ে দাঁড়ায়, তাহলে প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলোকেও রাইফেল অথবা তলোয়ার নিয়ে দাঁড়ানোর পরামর্শ দেবো।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ