বিএনপি সংলাপে আসছে না-এই বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, তারা আসুক বা না আসুক আমরা তাদের জন্য ওয়েট করবো।
বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে গণতন্ত্র পার্টির সঙ্গে সংলাপের সময় তিনি এই কথা বলেন।
কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘এখন পর্যন্ত যতগুলো পার্টি সংলাপে অংশ নিয়েছে, তাদের সবার মনোভাব ইতিবাচক। তারা ভালো নির্বাচন যাতে হয়, ভোটাররা যেন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন এই বিষয়টি নিশ্চিত করতে বলেছেন। আমরাও বলেছি সত্যিকার অর্থে এটিই আমাদের একমাত্র দায়িত্ব। প্রত্যেকটা ভোটার যেন ভোট কেন্দ্রে গিয়ে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। এটাই গণতন্ত্রের ভিত্তি। এক্ষেত্রে সবার সহযোগিতা প্রয়োজন। প্রতিটি দলই বলেছে তারা ঐক্যমতে বিশ্বাস করে। ঐক্যমত তো হতেও পারে, নাও হতে পারে। কিন্তু আমরা বলেছি আমরা আমাদের প্রয়াস অব্যাহত রাখব। এই বিষয়ে কেউ না করেনি। প্রয়াসটি অব্যাহত থাকবে।’
তিনি বলেন, ‘আমরা সুস্পষ্টভাবে বলেছি, ঐক্যটা আমাদের নয়। আমরা রাজনৈতিক দলগুলোকে বলেছি আপনারা ঐক্যের চেষ্টা করুন এবং ঐক্য হলে আমরা আনন্দিত হব। আর আমরা যে দায়িত্ব নিয়েছি, আইন কানুন এবং সংবিধান অনুযায়ী দায়িত্ব পালন করার, সেই দায়িত্বটা পালন করে যাব।’
এই সংলাপের মধ্য দিয়ে ইসির প্রতি রাজনৈতিক দলগুলোর অনাস্থা দূর হবে কি না জানতে চাইলে সিইসি বলেন, ‘ইসির প্রতি অনাস্থা সবসময় আছে বা নেই দুটো জিনিস। আপনারা তো পেপারেই দেখছেন একটা দলের হয়ত অনাস্থা আছে। আবার আমাদের সঙ্গে বসেছে তাদের প্রত্যেকের আমাদের প্রতি আস্থা আছে।’