‘৮০০ কোটির পৃথিবী: সকলের সুযোগ, পছন্দ ও অধিকার নিশ্চিত করে প্রাণবন্ত ভবিষ্যৎ গড়ি’ এ প্রতিপাদ্য সামনে রেখে বৃহস্পতিবার (২১ জুলাই) দেশে পালিত হবে বিশ্ব জনসংখ্যা দিবস। ১৯৯০ সাল থেকে প্রতিবছর ১১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয়। তবে এবার ঈদুল আজহার কারণে সরকার এ দিবসটি ২১ জুলাই পালনের সিদ্ধান্ত নেয়।
বিশ্ব জনসংখ্যা দিবসের লক্ষ্য হলো পরিবার পরিকল্পনা, লৈঙ্গিক সমতা, দারিদ্র্য, মাতৃস্বাস্থ্য এবং মানবাধিকারের মতো জনসংখ্যা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে জনগণের সচেতনতা বাড়ানো।
বুধবার (২০ জুলাই) এ বিষয়ে এক বৈঠকের আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা লাইট হাউস।
এতে জানানো হয়, ক্রমবর্ধমান জনসংখ্যা বাড়ার কারণে আবাসন খাতে জমির ব্যবহার বাড়ছে। এজন্য আমাদের দেশে প্রতিবছর এক শতাংশ আবাদি জমি হ্রাস পাচ্ছে। এর প্রভাব পড়ছে আমাদের খাদ্য উৎপাদনে। সেই সঙ্গে পুষ্টিখাতে তৈরি হচ্ছে নানা সমস্যা।
আরও জানানো হয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান মতে ও বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী ২০৩০ সালে জনসংখ্যা হবে ৮৫০ কোটি এবং ২০৫০ সালে তা বেড়ে দাঁড়াবে ৯৭০ কোটি। আর ২১০০ সালে তা বেড়ে ১০৯০ কোটিতে দাঁড়াবে। ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধি অব্যাহত থাকলে বিশেষ করে স্বল্প উন্নত দেশগুলোর অবস্থা হবে ভয়াবহ।
বৈঠকে অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন সিনিয়র সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল, দৈনিক আজকালের খবর পত্রিকার সম্পাদক ফারুক তালুকদার এবং পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রোগ্রাম ম্যানেজার মনজুর হাসান।