জাতীয়

বিশ্বের অনেক দেশের চেয়ে বাংলাদেশে মূল্যস্ফীতি কম: তথ্যমন্ত্রী

 বক্তব্য রাখছেন তথ্যমন্ত্রী
বক্তব্য রাখছেন তথ্যমন্ত্রী
তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, তুরস্ক এবং আশেপাশের সার্কভুক্ত দেশগুলোর চেয়ে বাংলাদেশে মূল্যস্ফীতি অনেক কম। বুধবার (২০ জুলাই) দুপুরে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে তথ্য অধিদপ্তর প্রকাশিত পদ্মা সেতু ভিত্তিক সংবাদ সংকলনের ৭টি খণ্ডের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এসময় প্রধান তথ্য অফিসার মো. শাহেনুর মিয়া উপস্থিত ছিলেন। ড. হাছান বলেন, আমি মির্জা ফখরুল সাহেবকে বলবো, তিনি শিক্ষক ছিলেন আর আমি এখনও শিক্ষকতা করি। তাই মাস্টার হিসেবে একজন প্রাক্তন মাস্টারের কাছে অনুরোধ, মাস্টার হিসেবে সমাজের যাতে বদনাম না হয় সেজন্য তার একটু পড়াশোনা করা দরকার। তাকে বিশ্বব্যাপী মূল্যস্ফীতির দিকে একটু তাকাতে বলব। ৪০ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি হচ্ছে সারা বিশ্বে। এরমধ্যে মূল্যস্ফীতির হার যুক্তরাষ্ট্রে ৮ দশমিক ৬ শতাংশ, যুক্তরাজ্যে ৯ দশমিক ১ শতাংশ, জার্মানিতে ৭ দশমিক ৯ শতাংশ, রাশিয়াতে ১৭ দশমিক ১ শতাংশ, তুরস্কে ৭৩ দশমিক ৫ শতাংশ, নেদারল্যান্ডসে ৯ দশমিক ৬ শতাংশ। তিনি বলেন, মূল্যস্ফীতির হারের ক্ষেত্রে দক্ষিণ এশিয়ার মধ্যে শ্রীলঙ্কায় ৩৯ দশমিক ১ শতাংশ, পাকিস্তানে ১৩ দশমিক ৮ শতাংশ, ভারতেও ৭ শতাংশের উপরে। আমাদের দেশে মে মাস পর্যন্ত সেটি ৬ শতাংশের একটু উপরে ছিল, সাম্প্রতিক সময়ে বেড়ে ৭ শতাংশ হয়েছে, যেটি আজকে সমস্ত পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে। দেশে এখনও এ কম মূল্যস্ফীতি প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার কারণেই সম্ভবপর হয়েছে। তবে বিশ্ব বাজারে ধীরে ধীরে ভোগ্যপণ্যের দাম কমছে, আমরা আশা করছি দু-এক মাসের মধ্যে এর সুফল পাব। এদিন জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির সমাবেশ নিয়ে এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, অফিসে আসার সময় প্রেসক্লাবের সামনে দেখেছি জনা পঞ্চাশ মানুষ দাঁড়িয়ে বিক্ষোভ করছেন। আশেপাশের গাছপালাতেও তার চেয়ে বেশি কাক আছে। সাড়ে ১৩ বছরের বেশি সময় ধরে তাদের হুমকি-ধামকির মধ্যেই জনগণ আমাদের আরও দুইবার দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে। এ ধরণের হুমকি-ধামকি তাদেরকে হাস্যকর বানাচ্ছে এবং এসবে কোনো কাজ হবে না। তিনি বলেন, দেশে যথাসময়ে নির্বাচন হবে এবং সংবিধান অনুযায়ী সমস্ত সংসদীয় গণতন্ত্রের দেশে যেমন- ভারত, ইংল্যান্ড, কন্টিনেন্টাল ইউরোপে, অস্ট্রেলিয়া, জাপানে যেভাবে হয় ঠিক একইভাবে নির্বাচন কমিশনের অধীনে বাংলাদেশে নির্বাচন হবে এবং বর্তমান সরকারই নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করবে। মন্ত্রী এসময় তার নির্দেশে পদ্মা সেতুভিত্তিক দুই হাজারেরও বেশি সংবাদের সংকলন দ্রুত প্রকাশের জন্য তথ্য অধিদপ্তরকে ধন্যবাদ জানান। এ বিষয়ে তিনি বলেন, পৃথিবীতে আমাজান নদীর পরই সবচেয়ে খরস্রোতা নদী হচ্ছে পদ্মা। আমাজানের উপর এখনো কোনো সেতু নির্মিত হয়নি। দ্বিতীয় খরস্রোতা নদী পদ্মার উপর সেতু নির্মাণ ইতিহাসে এক অনন্য ঘটনা। পদ্মা সেতু শুধুমাত্র একটি সেতু নয়, পদ্মা সেতু বাঙালির গর্ব, সক্ষমতা ও মর্যাদার প্রতীক। ড. হাছান মাহমুদ বলেন, পদ্মা সেতু নির্মাণের মধ্য দিয়ে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা আবার প্রমাণ করেছেন যে, কোনো রক্তচক্ষু তাকে দমাতে পারে না। কোনো ষড়যন্ত্রও তাকে থামাতে পারে না। সমস্ত ষড়যন্ত্রকে উপড়ে ফেলে তিনি এগিয়ে নিয়ে যেতে পারেন দেশকে। দেশে বিদ্যুৎ এবং জ্বালানি খাতে গত অর্থবছরে ৫৩ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হয়েছে এবং বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা যথার্থ বর্ণনা করে তিনি বলেন, প্রথমত করোনা, দ্বিতীয়ত ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে বিশ্বব্যাপী মন্দা চলছে। ইউরোপের ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, বেলজিয়ামসহ সমগ্র পৃথিবীতে সাশ্রয়ীভাবে বিদ্যুৎ ব্যবহার করা হচ্ছে। এসময় যুক্তরাষ্ট্রে কিছুদিন আগে সমস্ত নাগরিকদের কাছে বিদ্যুৎ ও জ্বালানির ব্যবহারে সাশ্রয়ী হওয়ার জন্য মোবাইলে বার্তা পাঠানো হয়েছে উল্লেখ করে ওই বার্তাটি পড়ে শোনান তিনি। সিনিয়র উপ-প্রধান তথ্য অফিসারদের মধ্যে মো. আবদুল জলিল এবং ইয়াকুব আলী মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অংশ নেন।
দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ