মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুবের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। মালয়েশিয়া সফরের দ্বিতীয় দিন বুধবার (২০ জুলাই) দেশটির প্রধানমন্ত্রী সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।
বুধবার (২০ জুলাই) কুয়ালালামপুরে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার দ্বিপক্ষীয় কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকোবের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী অভিনন্দন বিনিময় করেন।
এ সময় বাংলাদেশি শ্রমিক নিয়োগসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা করেন। সামনের দিনগুলোতে দুই ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যকার চমৎকার সম্পর্ককে আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
মালয়েশিয়ার এই নেতাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণের কথা উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী দ্বিপক্ষীয় সম্পর্কের সুবর্ণজয়ন্তীর এই বছরে তাকে বাংলাদেশ সফরের জন্য অনুরোধ করেন। এ সময় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ভবিষ্যতে পারস্পরিক সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেন।