জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
শনিবার (২৩ জুলাই) অর্থমন্ত্রী ব্যক্তিগতভাবে ও অর্থমন্ত্রণালয়ের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে মরহুমের পরিবার-পরিজন, সন্তানসহ সবাইকে গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় অর্থমন্ত্রী বলেন, মো. ফজলে রাব্বী মিয়া ছিলেন পরিশীলিত রাজনীতিবিদ এবং গণমানুষের নেতা। নিবেদিতপ্রাণ এই রাজনীতিবিদের মৃত্যু এ দেশের রাজনীতিতে গভীর শূন্যতার সৃষ্টি করলো। সংসদীয় ধারার রাজনীতিতে তিনি অনবদ্য অবদান রেখে গেছেন। সংসদ পরিচালনায় মরহুম ফজলে রাব্বী মিয়ার দক্ষতা ও অভিজ্ঞতা এবং সংসদীয় গণতন্ত্রের চর্চা ও বিকাশে তার অনবদ্য অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
প্রসঙ্গত, ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়া (৭৬) শুক্রবার (২২ জুলাই) বাংলাদেশ সময় দিনগত রাত আনুমানিক ২টার দিকে যুক্তরাষ্ট্রের (স্থানীয় সময় বিকেল ৪টা) নিউইয়র্কস্থ মাউন্ট সিনাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।