কোনোভাবেই মানহীন চাল আমদানি করতে দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
তিনি বলেন, বেসরকারিভাবে চাল আমদানি শুরু হয়েছে। গ্রাহক যে ধরনের চাল পছন্দ করে, ব্যবসায়ীরা সে ধরনের চাল আমদানি করবে। তবে বিদেশ থেকে মানহীন চাল দেশে আনতে দেওয়া হবে না।
শনিবার (২৩ জুলাই) দুপুরে চট্টগ্রামের হালিশহরে সেন্ট্রাল স্টোরেজ ডিপোর (সিএসডি) কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন মন্ত্রী।
প্রধান অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন তলাবিহীন ঝুড়ি থেকে উন্নয়নশীল দেশ হয়েছে। দেশে এখন মঙ্গা নেই। এখন আমরা পুষ্টি নিরাপত্তা নিয়ে কাজ করছি।
মন্ত্রী বলেন, চাল চিকন করতে গিয়ে ছাঁটাই করে চালের অপচয় করা হচ্ছে। এতে পুষ্টিমানও কমে যাচ্ছে। জনসাধারণকে পুষ্টি সমৃদ্ধ চাল খাওয়ার পাশাপাশি খাদ্যের অপচয় রোধে সতর্ক হওয়ার আহবান জানান তিনি।
মতবিনিময় অনুষ্ঠানে খাদ্যসচিব মো. ইসমাইল হোসেন, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক সাখাওয়াত হোসেন, খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খুরশীদ ইকবাল রেজভী, ডিআরটিসির সভাপতি মাহমুদুল হাসান, শ্রমিক ঠিকাদার সমিতির নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, চট্টগ্রাম চালকল মালিক সমিতির সভাপতি ফরিদ উদ্দিন, হালিশহর সিএসডির ব্যবস্থাপক প্রণয়ন চাকমা এবং চট্টগ্রামের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক জহিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
মতবিনিময়সভায় চট্টগ্রাম সিএসডির বিভিন্ন কর্মকর্তা, চালকল মালিক সমিতি ও শ্রমিক সমিতির নেতারা অংশ নেন।
পরে খাদ্যমন্ত্রী সিএসডিতে চালের মান পর্যবেক্ষণ করেন। এছাড়া পুকুরে বিভিন্ন প্রজাতির পোনা মাছ অবমুক্ত ও সেখানে একটি ফলজ গাছের চারারোপণ করেন।