ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সারা দেশে গত ২৪ ঘণ্টায় ৬৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে ৬ জনই ঢাকার বাইরের। তবে গেলো ২৪ ঘণ্টায় কোনো ডেঙ্গুরোগীর মৃত্যুর খবর পাওয়া যায়নি।
রোববার (২৪ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, শনিবার (২৩ জুলাই) সকাল ৮টা থেকে রোববার একই সময়ের মধ্যে সারা দেশে নতুন করে ৬৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। নতুন আক্রান্তদের মাঝে ৫৯ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাদের মাঝে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১০ জন। ঢাকার বাইরে চিকিৎসাধীন ছয়জন।
দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি ২৯৯ ডেঙ্গুরোগীর মধ্যে ঢাকার ৪৭টি সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ২৩৫ জন। ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ৬৪ জন।
স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২২ জুলাই পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ১৪৬ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১ হাজার ৮৪১ জন।
এ সময়ে ঢাকায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৩৭ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৫৯৯ জন। ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩০৯ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৪২ জন।