রেলের অব্যবস্থাপনা পরিবর্তনে ছয় দফা দাবিতে আন্দোলনকারী মহিউদ্দিন রনির সঙ্গে একাত্মতা ঘোষণা করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। রনির আন্দোলনে সমর্থন দিতে রোববার (২৪ জুলাই) বিকেল পৌনে ৫টার দিকে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে যান তিনি।
পরে রনিকে সঙ্গে নিয়ে কমলাপুর রেলওয়ে স্টেশনের স্টেশন ম্যানেজারের সঙ্গে দেখা করতে চাইলে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) ও আনসার সদস্যরা তাকে বাধা দেন। বন্ধ করে দেওয়া হয় গেট। এসময় ফটকের সামনে অবস্থানের ঘোষণা দেন তিনি। সন্ধ্যা ৭টা ৩০ মিনিটের দিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত ডা. জাফরুল্লাহ গেটের বাইরে অবস্থান করছিলেন।
ডা. জাফরুল্লাহকে ঢুকতে বাধা দিলে নিরাপত্তা বাহিনীর উদ্দেশে রনি বলেন, আমাদের ঢুকতে দেননি, সমস্যা নেই। অসুস্থ মানুষটাকেও বাইরে দাঁড় করিয়ে রেখেছেন। আমি কথা দিচ্ছি, আমি ঢুকব না, আপনারা উনাকে (জাফরুল্লাহ) ঢুকতে দেন।
ডা. জাফরুল্লাহ চৌধুরী উপস্থিত সাংবাদিকদের বলেন, প্রতিটি ভালো কাজের প্রতি আমাদের সমর্থন থাকে। আমি সম্পূর্ণ ব্যক্তিগতভাবে এখানে এসেছি। স্টেশন ম্যানেজারকে আমি মেসেজ করেছি। তিনি এখন পর্যন্ত রিপ্লাই দেননি। তার সঙ্গে দেখা না করে আমি যাব না। আমি এখানেই অবস্থান করবো।
এর আগে, এদিন বিকেল ৪টার দিকে রনির ছয় দফা দাবির প্রতি সমর্থন জানিয়ে অর্ধশতাধিক শিক্ষার্থীরা আসেন। তবে তারা ঢুকতে পারেননি। তাদের স্টেশনের ভেতরে ঢুকতে না দিতে সব ফটকের সামনে অবস্থান নেন রেলওয়ে নিরাপত্তা বাহিনী, পুলিশ ও আনসার সদস্যরা।
স্টেশনের সবকটি ফটক বন্ধ থাকায় তারা স্টেশনের বাইরে রিকশাস্ট্যান্ড এলাকায় বসে পড়েন। সেখানে তারা দুর্নীতিবিরোধী স্লোগান দিতে থাকেন।
স্টেশনের সবগুলো ফটক বন্ধ করে দেওয়া হলেও টিকিট দেখিয়ে সাধারণ যাত্রীদের স্টেশনের ভেতরে প্রবেশের অনুমতি দিচ্ছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী।