প্রয়াত ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়ার সংসদীয় আসন গাইবান্ধা-৫ শূন্য ঘোষণা করা হয়েছে। রোববার (২৪ জুলাই) জাতীয় সংসদ সচিবালয় লেজিসলেটিভ সাপোর্ট উইং আইন প্রণয়ন শাখা-২ এর প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়। কোনো সংসদীয় আসন শূন্য ঘোষিত হলে ৯০ দিনের মধ্যে উপ-নির্বাচনের কথা সংবিধানে উল্লেখ রয়েছে। তবে কোনো কারণে তা করা না গেলে সময় বাড়ানোর সুযোগ আছে।
গত ২২ জুলাই বাংলাদেশ সময় দিনগত রাত ২টার দিকে নিউইয়র্কের একটি হাসপাতালে মারা যান ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া। দুরারোগ্য ক্যানসারে আক্রান্ত ছিলেন তিনি।
সোমবার (২৫ জুলাই) ডেপুটি স্পিকারের মরদেহ ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। ঢাকায় পৌঁছানোর পর প্রথম জানাজা হবে জাতীয় ঈদগাহে। সকাল সাড়ে ১০টায় জানাজা শেষে শ্রদ্ধার জন্য মরদেহ ঈদগাহ প্রাঙ্গণে রাখা হবে। করোনার কারণে ডেপুটি স্পিকারের জানাজা জাতীয় সংসদ ভবন প্লাজায় হচ্ছে না।
ডেপুটি স্পিকারের জনসংযোগ কর্মকর্তা স্বপন কুমার বিশ্বাস গণমাধ্যমকে জানান, যুক্তরাষ্ট্র থেকে সোমবার (২৫ জুলাই) দেশে আসছে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার মরদেহ। ওইদিন সকাল পৌনে ৯টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মরদেহ দেশে পৌঁছাবে।
জাতীয় ঈদগাহ প্রাঙ্গণে জানাজা শেষে দুপুরে হেলিকপ্টারে ফজলে রাব্বীর মরদেহ দেহ নেওয়া হবে গাইবান্ধার সাঘাটায়। ওইদিন বিকেল ৩টায় ভরতখালী উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে গটিয়া গ্রামে নিয়ে যাওয়া হবে মরদেহ। সেখানে আরেকটি জানাজা শেষে সন্ধ্যা সোয়া ৬টায় পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে।