দক্ষিণ আফ্রিকার ব্রাকফান শহরে কৃষ্ণাঙ্গ সন্ত্রাসীদের হামলায় মো. শুভ (২৩) ও আরিফ হোসেন (২২) নামে দুই বাংলাদেশি খুন হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন হাসানসহ আরও দুইজন।
স্থানীয় সময় শনিবার (২৩ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে ব্রাকফান শহরের একটি ব্যবসা প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে। চাঁদা ও টাকা-পয়সা লুটের উদ্দেশে সন্ত্রাসীরা এ হামলার ঘটনাটি ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
নিহতরা হলেন-নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নের দক্ষিণ পশ্চিম বদরপুর গ্রামের আবদুর রশিদ মিয়ার বাড়ির মহিন উদ্দিনের ছেলে আরিফ হোসেন ও পোরকরা গ্রামের আবদুল লতিফের ছেলে শুভ। চার ভাই ও এক বোনের মধ্যে শুভ এবং চার ভাইয়ের মধ্যে আরিফ সবার ছোট ছিল।
রোববার (২৪ জুলাই) বিকেলে নিহত আরিফের প্রতিবেশী আজাদ জানান, ৩-৪ মাস আগে জীবিকার সন্ধানে আফ্রিকায় যায় শুভ ও আরিফ হোসেন। পরে তারা আফ্রিকার ব্রাকফান শহরের বাংলাদেশি একজনের দোকানে চাকরি নেয়। স্থানীয় সময় শনিবার রাত সাড়ে ৮টার দিকে সেই দেশি দুইজন কৃষ্ণাঙ্গ সন্ত্রাসী তাদের দোকানে প্রবেশ করে।
এর কিছুক্ষণ পর তারা কিছু বুঝে ওঠার আগে সন্ত্রাসীরা অস্ত্র নিয়ে তাদের দুইজনের ওপর হামলা চালিয়ে শুভকে গুলি করে এবং আরিফ, হাসানসহ তিনজনকে ধারালো অস্ত্র দিয়ে পিটিয়ে ও কুপিয়ে জখম করে। সন্ত্রাসীরা দোকান থেকে টাকা ও মালামাল লুট করে পালিয়ে গেলে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে পার্শ্ববর্তী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শুভ ও আরিফকে মৃত ঘোষণা করেন। আহত দুইজন হাসপাতালে চিকিৎসাধীন।
তিনি আরও জানান, এ ঘটনায় গ্রামে শোকের মাতম চলছে। নিহতদের মৃতদেহ দেশে ফিরিয়ে আনতে পরিবারের লোকজন সরকারের সহযোগিতা কামনা করেছেন।