কুমিল্লার হোমনা থানার গৌরীপুর এলাকার একটি ধানক্ষেত থেকে উদ্ধার করা নবজাতক মেয়ে শিশুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশুটির বয়স আনুমানিক চারদিন।
সোমবার (২৫ জুলাই) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা মেডিক্যাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া।
তিনি জানান, মেয়ে শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালের নবজাতক বিভাগের এনআইসিইউতে ভর্তি রয়েছে। রোববার (২৪ জুলাই) তাকে ঢামেকে নিয়ে আসা হয়। শিশুটি আহত, তার নাক ও মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় ক্ষতের চিহ্ন রয়েছে।
নবজাতককে হাসপাতালে নিয়ে আসেন মো. মানিক মিয়া নামের এক ব্যক্তি। তিনি গণমাধ্যমকে জানান, বাড়ির পাশে ধানক্ষেতে শিশুর কান্নার আওয়াজ শুনতে পান। গিয়ে দেখেন এক নবজাতক মেয়ে শিশু ধান ক্ষেতে পড়ে আছে। পরে শিশুটিকে বাড়িতে নিয়ে যান। তারপর শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করান। পরে উন্নত চিকিৎসার জন্য রোববার (২৪ জুলাই) রাতে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন। আনার পরে চিকিৎসক শিশুটিকে ২১১ নম্বর ওয়ার্ডে ভর্তি করেছেন।
মানিক মিয়া আরও জানান, নবজাতকটির মাথার ও নাকের কিছু অংশ ইঁদুরে খেয়ে ফেলেছে। এখন ঢাকা মেডিকেলে চিকিৎসা চলছে, চিকিৎসক জানিয়েছেন সে এখন আগের চেয়ে ভালো আছে।