গাইবান্ধার সাঘাটায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দুই ছেলের পাশে সমাহিত করা হল জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়াকে।
সোমবার (২৫ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে সাঘাটা উপজেলার ভরতখালি ইউনিয়নের গটিয়ায় নিজ গ্রামে জানাজা শেষ পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এ সময় সংসদ সদস্য, প্রশাসনের ব্যক্তিবর্গ, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনীতিবিদসহ বিভিন্ন স্তরের কয়েক হাজার ধর্মপ্রাণ মুসুল্লি উপস্থিত ছিলেন।
এর আগে দুপুরের দিকে ফজলে রাব্বী মিয়ার মরদেহ নিয়ে সাঘাটা উপজেলার বোনারপাড়া শিমুলতাইর মাঠে একটি হেলিকপ্টার অবতরণ করে। এদিন বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার উল্লা বাজারে ভরতখালি উচ্চবিদ্যালয় মাঠে বর্ষীয়াণ এই রাজনীতিবিদের তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার আগে তাকে গার্ড অব অনার প্রদর্শন করার পর সর্বস্তরের জনসাধারণ তার কফিনে শ্রদ্ধা নিবেদন করেন।
ফজলে রাব্বী মিয়ার মেয়ে ফারজানা রাব্বী বুবলি জানান, আমেরিকার নিউইয়র্ক জামাইকা ইসলামিক সেন্টারে জাতীয় সংসদের সদ্য প্রয়াত ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে ঢাকা সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে।
প্রসঙ্গত, গত শুক্রবার রাত ২টার দিকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মাউন্ট সিনাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফজলে রাব্বী মিয়া। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। বার্ধক্যজনিত রোগ ও ক্যানসারে আক্রান্ত হয়ে গত ৯ মাস ধরে সেখানে চিকিৎসাধীন ছিলেন তিনি।