নির্বাচন কমিশন (ইসি) আয়োজিত রাজনৈতিক দলগুলোর ধারাবাহিক সংলাপে মঙ্গলবার (২৬ জুলাই) ইসলামী আন্দোলন বাংলাদেশ অংশ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
ইসির সহকারী জনসংযোগ পরিচালক আশাদুল হক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বিবৃতিতে বলেছেন, ‘রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপে সঙ্কটের কোনো সমাধান হবে না। বিগত দুটি কমিশনও একইভাবে সংলাপ করে বিভিন্ন প্রস্তাবনা শুনেছে, কিন্তু তারা দলীয় সরকারের অধীনে দুটি জঘন্য নির্বাচন উপহার দিয়েছে। বর্তমান কমিশনও একই পথে হাঁটছে।’
তিনি বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক কতটুকু হবে তা নিয়ে সংশয় ক্রমেই ঘনিভূত হচ্ছে।’
ইসির মঙ্গলবারের সংলাপের তালিকায় দেখা গেছে, সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত জমিয়েতে উলামায়ে ইসলাম বাংলাদেশ, দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত বিকল্পধারা বাংলাদেশ, দুপুর আড়াইটা থেকে সাড়ে ৩টা পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত ন্যাশনাল পিপলস পার্টির সঙ্গে সংলাপ হওয়ার কথা।
ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ গণমাধ্যমকে জানিয়েছিলেন, ১৭ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত ধারাবাহিকভাবে সংলাপ অনুষ্ঠিত হবে। প্রায় প্রতিদিনই চারটি করে দলের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা।
তবে বিএনপির সঙ্গে যেদিন সংলাপ সেদিন তিনটি দল এবং আওয়ামী লীগের সঙ্গে যেদিন, সেদিন দু’টি দলের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে। প্রতিটি দল ১০ জন করে সদস্য নিয়ে বৈঠকে অংশ নিতে পারবে।