করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় (বুস্টার) ডোজের টিকা কার্যক্রম চলছে। তবে আগামী নভেম্বর মাসেই প্রথম ও দ্বিতীয় ডোজের জন্য সংরক্ষিত টিকার মেয়াদ শেষ হয়ে যাবে। এরপর শুধু বুস্টার ডোজের কার্যক্রমই চলমান থাকবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
সোমবার (২৬ জুলাই) অধিদপ্তরের টিকা কর্মসূচির পরিচালক ডা. শামসুল হক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘করোনা সংক্রমণ প্রতিরোধে প্রধানমন্ত্রীর একান্ত প্রচেষ্টায় ৩০ কোটি ডোজ টিকা আমরা সংগ্রহ করতে পেরেছি। প্রথম, দ্বিতীয় এবং বুস্টার ডোজ মিলিয়ে আমরা এখন পর্যন্ত ২৮ কোটি ৮৫ লাখ ডোজ টিকা দিতে সক্ষম হয়েছি। আমাদের হাতে এখনো এক কোটি ৯৩ লাখ ডোজ টিকা মজুত আছে। এক্ষেত্রে প্রথম ডোজের জন্য আমাদের লক্ষ্যমাত্রা ছিল ১৩ কোটি ২৯ লাখ মানুষ। সেখানে এখন পর্যন্ত প্রথম ডোজ পেয়েছেন ১২ কোটি ৯৬ লাখ মানুষ। যার ফলে এখনো প্রায় ৩৩ লাখ মানুষ প্রথম ডোজ টিকা নেয়নি। একইভাবে দ্বিতীয় ডোজ এবং প্রথম ডোজের মধ্যে আমাদের পার্থক্য প্রায় ৯৪ লাখ। অর্থাৎ প্রথম ডোজ নিয়েছেন কিন্তু দ্বিতীয় ডোজ নেননি, এই মিলিয়ে হলো এক কোটি ২৭ লাখ।’
শামসুল হক বলেন, আমাদের যারা এখনও টিকা গ্রহণ করেননি, তাদের টিকা কিন্তু আমাদের কাছে মজুত আছে। আমরা সেই টিকা সংগ্রহ করে প্রত্যেকটা মানুষ যেন টিকা পায় সেটা নিশ্চিত করার জন্য ব্যবস্থা নিয়েছি। আমাদের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া আছে, হাসপাতালগুলো তৈরি আছে, টিকা কেন্দ্র তৈরি আছে। কিন্তু এই প্রথম ডোজের ৩৩ লাখ এবং দ্বিতীয় ডোজের ৯৪ লাখ মানুষের জন্য যেই টিকা আছে, সেগুলোর মেয়াদ হলো নভেম্বর পর্যন্ত। এরপর সেগুলো আর দেওয়া যাবে না।
তিনি আরও বলেন, যেহেতু এখনও বড় একটা সংখ্যক মানুষ প্রথম ডোজ নেয়নি, সেক্ষেত্রে তাদের উচিত হবে এখনই প্রথম ডোজ নিয়ে নেওয়া। নিলে আমাদের প্রথম ডোজ সেপ্টেম্বরে প্রায় শেষ হয়ে যাবে।
টিকা কর্মসূচির পরিচালক বলেন, শুধুমাত্র এই টিকা কার্যক্রমের জন্য বাংলাদেশে এখন সংক্রমণের হার অনেক কম। কিন্তু পৃথিবীর অনেক দেশে অসংখ্য মানুষ করোনা সংক্রমণে আক্রান্ত হচ্ছে। বাংলাদেশের টিকা গ্রহীতার হার বেশি হওয়ার কারণে সংক্রমণ কম হচ্ছে। যারা টিকা নিয়েছেন, তাদের মধ্যেও যদি কেউ আক্রান্ত হন, তাদের মারাত্মক অবস্থা তৈরি হচ্ছে না।
নভেম্বরের মধ্যে যদি টিকা না নেয়, তাহলে কি প্রথম ডোজ বন্ধ হয়ে যাবে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তখন তো আমাদের হাতে প্রথম ডোজ, দ্বিতীয় ডোজের টিকা থাকবে না। আমাদের হাতে এই মুহূর্তে যেমন বুস্টার ডোজের জন্য পর্যাপ্ত পরিমাণ টিকা আছে, এর জন্য পাইপলাইনে আরো টিকা আনার ব্যবস্থা করা আছে। এখন পর্যন্ত যাদেরকে আমরা টিকা দিয়েছি, তাদের মধ্যে প্রায় সাত কোটি লোক বুস্টার ডোজের জন্য উপযুক্ত হয়ে গেছেন।