জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, পদ্মা সেতু থেকে সব ধরনের সুবিধা নেওয়ার জন্য পরিকল্পনা নিতে হবে। এ লক্ষ্যে এখনই পদক্ষেপ নেওয়া জরুরি।
মঙ্গলবার (২৬ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের লেখা ‘আমাদের অর্থে আমাদের পদ্মা সেতু’ বইয়ের প্রকাশনা উৎসবের আয়োজন করে চন্দ্রাবতী একাডেমি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
তিনি বলেন, এই বইয়ের মাধ্যমে ভিন্ন ভিন্নভাবে পদ্মা সেতুকে জানার সুযোগ পাবো। এই বইটির মাধ্যমে তথ্য উপাত্ত ছড়িয়ে যাবে। এটা খুব ভালো উদ্যোগ।
ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, পদ্মা সেতু বাঙালির আত্মমর্যাদার নিদর্শন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃড়তা ও অদম্য সাহসের জন্য পদ্মা সেতু হয়েছে। যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারেন আমাদের প্রধানমন্ত্রী। পদ্মা সেতুর চ্যালেঞ্জও নিয়েছেন তিনি। এটা শুধু ইট পাথরের সেতু নয়। এই সেতু আমাদের আবেগ ও গৌরবের অধ্যায়।
তিনি বলেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ইকোনমিক লাইফ লাইনে পরিণত হয়েছে। তবে পদ্মা সেতু থেকে সব ধরনের সুবিধা নেওয়ার জন্য বিশেষ পরিকল্পনা নিতে হবে।
পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, অধ্যাপক ড. শামসুল হক, চন্দ্রাবতী একাডেমির স্বত্বাধিকারী কামরুজ্জামান কাজল প্রমুখ উপস্থিত ছিলেন।