এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে সারা দেশে গেলো ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে রেকর্ড ৯৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
মঙ্গলবার (২৬ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (২৫ জুলাই) সকাল ৮টা থেকে মঙ্গলবার (২৬ জুলাই) সকাল ৮টা পর্যন্ত ৯৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন এবং হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকায় ৭৪ জন এবং বাইরে ২৫ জন। আগের দিন শনাক্ত হয়েছিল ৬০ জন। তাঁদের মধ্যে ঢাকায় ৪০ জন এবং বাইরে ছিলেন ২০ জন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৩০১ জন ডেঙ্গু রোগী। আগেরদিন ছিলেন ২৭৬ জন। তাঁদের মধ্যে রাজধানীর ৪৭টি সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ২২৭ জন এবং বাইরে ৭৪ জন। আগের দিন ঢাকায় ভর্তি ২১২ জন এবং বাইরে ছিলেন ৬৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছর মে মাসের ৩১ দিনে মোট রোগী শনাক্ত ও ভর্তি হয়েছিলেন ১৬৩ জন। জুনের ৩০ দিনে ৭৩৭ জন এবং জুলাই মাসের ২৬ দিনে এক হাজার ২১৬ জন রোগী শনাক্ত ও ভর্তি হয়েছেন। জুলাই মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ৭ জন। আর জুনে মৃত্যু হয়েছিল একজনের। এ নিয়ে মোট মারা গেলেন আটজন ডেঙ্গু রোগী।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে মঙ্গলবার (২৬ জুলাই) পর্যন্ত মোট রোগী শনাক্ত ও ভর্তি হন ২ হাজার ৩০৫ জন। তাঁদের মধ্যে রাজধানীতে ভর্তি হন ১ হাজার ৯৯৬ জন এবং বাইরে ৩৫৪ জন। সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৯৯৬ জন। তাঁদের মধ্যে ঢাকায় ছাড়পত্র নিয়েছেন ১ হাজার ৭২১ জন এবং বাইরে ২৭৫ জন।
ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ৮ জনের। তাঁদের মধ্যে চলতি মাসে ৭ জন ও গত মাসে একজন।