সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বর এলাকায় চারলেনের মহাসড়কের পাশাপাশি নির্মিত হচ্ছে আন্তর্জাতিক মানের ইন্টারচেইঞ্জ। ইতোমধ্যে এ প্রকল্পের পাইলিংয়ের কাজও শুরু হয়েছে। এটি বাস্তবায়ন হলে এ পথে চলাচলকারী বিভিন্ন জেলার যানবাহনগুলো খুব সহজেই রাস্তা পরিবর্তন করতে পারবেন। পাশাপাশি কমবে সড়ক দুর্ঘটনাও।
জানা গেছে, উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বর মহাসড়কে প্রতিদিন অন্তত ২৭ জেলার হাজার হাজার যানবাহন চলাচল করে। এ জন্য প্রায়ই এখানে যানজট লেগে থাকে। এতে চরম দুর্ভোগ পোহাতে হয় এ পথে চলাচলকারী যাত্রী ও চালকদের।
তবে দুর্ভোগ কমাতে মহাসড়কটিকে চারলেনে উন্নীত করার পাশাপাশি আন্তর্জাতিক মানের ইন্টারচেইঞ্জ নির্মাণের উদ্যোগ নিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। ইতোমধ্যে প্রকল্পের পাইলিংয়ের পাশাপাশি অন্যান্য কাজ শুরু হয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন হলে গোলচত্বর থেকে এক কিলোমিটার দূর থেকেই ভাগ হয়ে যাবে বিভিন্ন জেলার যানবাহনগুলো। পথচারীদের জন্য থাকবে ফ্লাইওভার ও ওয়াকওয়ে।
আন্তর্জাতিক মানের এ ইন্টারচেঞ্জ-এ দূরপাল্লার যানবাহনের পাশাপাশি ধীরগতির পরিবহনের জন্য থাকছে আলাদা লিংক রোড। এতে খুশি স্থানীয়ভাবে চলাচলকারী পরিবহনচালকরা।
হাটিকুমরুল ইন্টারচেঞ্জ প্রকল্প পরিচালক মাহবুবুর রহমান জানালেন, প্রকল্পটি বাস্তবায়ন হলে যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ার পাশাপাশি গতিশীলতা আসবে উত্তরাঞ্চলের মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে।
প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ৭৪৩ কোটি টাকা। ২০২৪ সালের ডিসেম্বরের মধ্যে নির্মাণকাজ শেষ হওয়ার কথা।