রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, রেলের সব কিছু ধ্বংস করে দেওয়া হয়েছিল। কিন্তু এখন রেল ব্যবস্থাপনায় ডিসিপ্লিন নিয়ে এসে এটিকে যুগোপযোগী করেছি।
তিনি বলেন, মানুষ রেলে চড়া ভুলে গিয়েছিল। কিন্তু এখন দিন দিন রেলের যাত্রী বাড়ছে। আমরা যাত্রীদের কাঙ্ক্ষিত সেবা দেওয়ার জন্য সর্বোত্তম চেষ্টা করে যাচ্ছি।
বৃহস্পতিবার (২৮ জুলাই) সুপ্রিম কোর্ট বারের অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, ইতোমধ্যে রেলের অনিয়ম দূর করতে কালোবাজারি মুক্ত করার চেষ্টা করছি। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতে চেষ্টা চালিয়ে যাচ্ছি।
বঙ্গবন্ধু সেতুর ওপর দিয়ে আলাদা রেললাইন সেতু ভবন করা হচ্ছে বলে জানান তিনি।
সুপ্রিম কোর্ট বারের সভাপতি মোমতাজ উদ্দিন ফকিরের সভাপতিত্বে ও বারের সম্পাদক আব্দুন নুর দুলালের সঞ্চালনায় অনুষ্ঠানে আইনমন্ত্রী আনিসুল হক, বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান ইউসুফ হোসেন হুমায়ুন, বেসামরিক ও বিমান পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী প্রমুখ উপস্থিত ছিলেন।