স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সময় যদি পুলিশের গুলিতে শিশু মারা গিয়ে থাকে, তবে অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
বৃহস্পতিবার (২৮ জুলাই) মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অলিলা অপালওয়্যার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঠাকুরগাঁওয়ে নির্বাচন-পরবর্তী সহিংসতা নিয়ন্ত্রণে পুলিশ গুলি করেছে। সেখানে যে শিশু নিহত হয়েছে, এ ঘটনায় তদন্ত হবে। তদন্তে যদি দেখা যায়, সে পুলিশের গুলিতে মারা গিয়েছে, তাহলে অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
তিনি বলেন, যারাই অন্যায় করছেন তাদের বিচার হচ্ছে। সে হোক শ্রমিক লীগ, ছাত্রলীগ, যুবলীগ বা অন্য কোনো জনপ্রতিনিধি। কেউই আইনের ঊর্ধ্বে নয়।
২০৪০ সালে বাংলাদেশ ইউরোপের মতো একটি শক্তিশালী রাষ্ট্র হবে দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পদ্মা সেতু দিয়ে আমরা তো শুধু শুরু করেছি। আমরা আরও এগিয়ে যাব।
তিনি বলেন, দেশে কিছু দারিদ্র্য আছে। তবে দিন দিন তা কমে আসছে। এই জায়গা থেকেও আমাদের খুব শিগগিরই উত্তরণ হবে। আমাদের দেশে দরিদ্রতা কেমন ছিল তা দেখার জন্য কয়েক দিন পর এই প্রজন্মকে মিউজিয়ামে যেতে হবে।
কারখানাটি চালু হলে অন্তত ১ হাজার ২০০ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে বলে জানান মন্ত্রী।
অনুষ্ঠানে মৌলভীবাজার-হবিগঞ্জ সংরক্ষিত আসনের সংসদ সদস্য সৈয়দা জহুরা আলাউদ্দিন, ঢাকা রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মুহম্মদ হাবিবুর রহমান, সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান ও জেলা পুলিশ সুপার মুহাম্মদ জাকারিয়া, অলিলা গ্রুপের চেয়ারম্যান হাসিনা নাহিদ, ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জিল্লুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে ভোটগ্রহণ ও ফলাফল গণনা শেষে দুই পক্ষের উত্তেজনার জেরে সৃষ্ট সহিংসতার ঘটনায় পুলিশের গুলিতে সুরাইয়া আক্তার নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনা তদন্তে তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
উল্লেখ্য, বুধবার (২৭ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বাচোর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের ভাংবাড়ি ভি.এফ নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।
নিহত শিশু মীরডাঙ্গী গ্রামের ফেরিওয়ালা বাদশা ও মিনারা বেগমের তৃতীয় সন্তান।তাৎক্ষণিকভাবে রাতেই জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেন।