সারাদেশে অরক্ষিত রেলক্রসিংগুলো যেন মৃত্যু ফাঁদ। প্রায়ই ঘটছে দুর্ঘটনা। বাড়ছে মৃত্যুর মিছিল। আর এ জন্য অবৈধ রেলক্রসিং এবং গেটম্যান না থাকাকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, জনবলের অভাবেই খালি পড়ে থাকে অনেক রেলক্রসিং।
শুক্রবার (২৯ জুলাই) চট্টগ্রামের মিরসরাইয়ের খৈয়াছড়া ঝরনা এলাকায় ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ১১ জনের প্রাণহানি ঘটে। এখানে কোন গেটম্যান ছিল না বলে জানা যায়।
এর আগে রোববার (২৪ জুলাই ) গাজীপুরের শ্রীপুরে পোশাক কর্মীবাহী বাসে, ট্রেনের ধাক্কায় চার পোশাক শ্রমিক মারা যান। এতে আহত হন অন্তত ১৩ জন। এ দুর্ঘটনার জন্য রেল ক্রসিংয়ে কোন গেটমেন না থাকাকে দায়ি করেছেন স্থানীয়রা।
রেলওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, ২০১১ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত সারা দেশে ট্রেনে কাটা পড়ে ও রেল দুর্ঘটনা মারা গেছেন ৯ হাজার ১৩৩ জন।
রেলওয়ের তথ্য বলছে, সারাদেশে ২ হাজার ৮শর বেশি রেল ক্রসিং থাকলেও এর মধ্যে অনুমোদন নেই ১৩ শ'র বেশি। ৫ শ’র বেশিতে অনুমোদন থাকা ক্রসিংগুলোর মধ্যে নেই গেটম্যান।
জনবলের অভাবে যেসব রেলক্রসিং অরক্ষিত আছে সেগুলোতে সতর্ক হয়ে চলাচলের পরামর্শ দেন রেলওয়ে কর্তৃপক্ষ।