গাজীপুরে বাসচাপায় অটোরিকশাচালকসহ পাঁচ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত দুই যাত্রীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। শনিবার (৩০ জুলাই) রাত পৌনে ১১টার দিকে কালিয়াকৈরের টিএনটি বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। কালিয়াকৈর থানার পরিদর্শক (তদন্ত) আবদুল বাশার গনমাধ্যমকে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন
নিহতরা হলেন, অটোচালক সিদ্দিকুর রহমান, যাত্রী মেহেদি হাসান, আতিকুল ইসলাম. ও অটো রিকশা চালক মো: নজরুল ইসলাম। নিহত আরো একজনের পরিচয় পাওয়া যায়নি।
কালিয়াকৈর থানার পরিদর্শক (তদন্ত) আবদুল বাশার বলেন, কালিয়াকৈর বাসস্ট্যান্ড থেকে ইতিহাস পরিবহনের যাত্রীবাহী বাসটি চন্দ্রার দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে অটোরিকশাচালক চারজন যাত্রী নিয়ে কালিয়াকৈরের দিকে যাচ্ছিলেন। পথে টিএনটি বটতলা এলাকায় বাসটি অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই অটোরিকশাচালক সিদ্দিকুর রহমান ও যাত্রী মেহেদি হাসান মারা যায়। গুরুতর আহত অটোরিকশার তিন যাত্রীকে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আতিকুল ইসলাম নামে আরও একজনের মৃত্যু হয়।