রাজধানীর শাহজাহানপুরে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু এবং কলেজ শিক্ষার্থী সামিয়া আফরান প্রীতিকে গুলি করে হত্যার ঘটনায় আরও চারজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (৩১ জুলাই) সকালে গোয়েন্দা পুলিশের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
শনিবার(৩০ জুলাই) সন্ধ্যায় রাজধানীর মতিঝিল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন টিটু, রবিন, সোহেল ও খাইরুল।
পুলিশ জানায়, এ মামলায় গ্রেফতার হওয়া আসামিদের জিজ্ঞাসাবাদ এবং তদন্তের বিভিন্ন পর্যায়ে এ চারজনের নাম উঠে এসেছে। সেই ভিত্তিতেই তাদের গ্রেফতার করা হয়েছে। এ হত্যা মামলায় প্রধান সমন্বয়কারী সুমন শিকদার ওরফে মুসা ও আকাশ ওরফে শুট্যার মাসুমসহ এখন পর্যন্ত ২০ জনকে গ্রেফতার করা হয়েছে।পরে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরা হবে বলেও জানান পুলিশ।
গত ২৪ মার্চ রাত সোয়া ১০টার দিকে রাজধানীর শাহজাহানপুরে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপুকে গুলি করে হত্যা করা হয়। এসময় গাড়ির পাশে রিকশায় থাকা সামিয়া আফরান প্রীতি (১৯) নামে এক কলেজছাত্রীও নিহত হন। এছাড়া টিপুর গাড়িচালক মুন্না গুলিবিদ্ধ হন।
চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের পর ওইদিন রাতেই শাহজাহানপুর থানায় নিহত টিপুর স্ত্রী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সংরক্ষিত কাউন্সিলর ফারহানা ইসলাম ডলি বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। এতে অজ্ঞাতদের আসামি করা হয়।