রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, ট্রেন কাউকে ধাক্কা দেয় না, বরং বাইরে থেকে এসে ট্রেনকে ধাক্কা দেওয়া হয়। রেল লাইনে এসে কেউ যদি দুর্ঘটনার শিকার হয় তবে তার দায়িত্ব রেল কর্তৃপক্ষের নয়।
সোমবার (১ আগস্ট) বঙ্গবন্ধু শেখ মুজিব ভ্রাম্যমাণ রেল জাদুঘর উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন। উদ্বোধন অনুষ্ঠানটি গোপালগঞ্জের রেল স্টেশনে হয়।
রেলমন্ত্রী বলেন, আমি কাউকে ধাক্কা দিতে পারি না। অন্য যানবাহন এসে আমাকে ধাক্কা দেয়। আরেকজন এসে তার ক্ষতি করবে, আর তার দায়িত্ব আমাকে নিতে হবে। এই জায়গাটাতে আমাদের একটু সচেতনতা প্রয়োজন রয়েছে।
তিনি বলেন, আমরা আড়াই থেকে তিন হাজার কিলোমিটার রেল লাইন তৈরি করছি। যেখানে রাস্তা আছে সেখানেই ব্রিজ করা আছে। রেলে যে আমরা বেরিয়ার দেই, গেট দেই, এ গেটটা দেওয়া হয় যাতে রেলের কোনো ক্ষতি না হয়। রেল ঠিকভাবে চলতে পারে, বাইরে থেকে কোকো কিছু যেন রেলের ক্ষতি করতে না পারে। কিন্তু কেউ যদি এসে রেলগেটে কিংবা রেল লাইনে দুর্ঘটনার শিকার হন তার দায়িত্ব রেল কর্তৃপক্ষের নয়।
রেলমন্ত্রী বলেন, কোনো দুর্ঘটনা ও মৃত্যু কারো কাম্য নয়। কিন্তু এই ঘটনাগুলো রেলের দুর্ঘটনা নয়। রেলের দুর্ঘটনা সেটাই রেল যদি লাইনচ্যুত হয়। রেল যদি নিজের পথ ছেড়ে কারো বাড়িতে ঢুকে যায় সেটা হলো রেলের দুর্ঘটনা। এই বিষয়গুলো আমাদের বিবেচনায় নিতে হবে।
রেলের গেট পাহারার দায়িত্বের বিষয়ে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেন, রেলের গেট পাহারা দেওয়ার দায়িত্ব তাদের যারা রাস্তা করেছে। আপনার পৌরসভার রাস্তা আমার রেললাইনকে ক্রস করতেছে, আপনার লোকজন সেই রাস্তা দিয়ে পারাপার হবে এর দায়িত্ব আপনার আমার নয়।