এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সারা দেশে গেলো ২৪ ঘণ্টায় ৮৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে সারাদেশে মোট ৩৪৪ জন ডেঙ্গুরোগী হাসপাতালে চিকিৎসাধীন। তবে এসময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।
সোমবার (১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, রোববার (৩১ জুলাই) সকাল ৮টা থেকে সোমবার (১ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত সারাদেশে নতুন করে ৮৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে ৬৬ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৬ জন। ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আরও ২১ জন।
দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে বর্তমানে চিকিৎধীন মোট ৩৪৪ জন ডেঙ্গুরোগীর মধ্যে ঢাকার ৪৭টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ২৬৭ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ৭৭ জন।