মঙ্গলবার (২ আগস্ট) থেকে শুরু হয়েছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) নিয়মিত পণ্য বিক্রয় কার্যক্রম। সরকারি সংস্থাটি এবার মাসের শুরু থেকেই এ কার্যক্রম শুরু করলো।
সোমবার (১ আগস্ট) থেকে সারা দেশে বিক্রি কার্যক্রম শুরুর কথা থাকলেও একদিন পিছিয়ে মঙ্গলবার শুরু করা হলো। এর আওতায় এক কোটি কার্ডধারী পর্যায়ক্রমে টিসিবির ভর্তুকি মূল্যের পণ্য কিনতে পারবেন।
সংস্থাটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এই দফায় নিম্ন আয়ের পরিবার কার্ডধারী ভোক্তা সর্বোচ্চ দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি মসুর ডাল, এক কেজি চিনি ও ২ কেজি পেঁয়াজ কিনতে পারবেন। প্রতি লিটার সয়াবিন তেল ১১০ টাকা, প্রতি কেজি চিনি ৫৫ টাকা, এক কেজি মসুর ডাল ৬৫ টাকা ও প্রতি কেজি পেঁয়াজ ২০ টাকা দরে বিক্রি হবে। তবে পেঁয়াজ বিক্রি হবে শুধুসিটি করপোরেশন এলাকা ও টিসিবির আঞ্চলিক কার্যালয় সংশ্লিষ্ট জেলাসমূহে।
ঢাকা মহানগরীসহ সারা দেশের নির্দিষ্ট পরিবেশকের দোকান থেকে ভোক্তারা এই পণ্য নিতে পারবেন। তবে সারা দেশে এই পণ্য এক দিনেই বিক্রি শুরু হবে না। সিটি করপোরেশন, জেলা ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় পরিবেশকদের তালিকা করে নির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী পণ্য দেবে টিসিবি।
আগের মতো ট্রাকে করে পণ্য বিক্রি করছে না টিসিবি। শুধু পরিবার কার্ডের মাধ্যমে পরিবেশকের দোকানে বা নির্দিষ্ট স্থানে পণ্য বিক্রি করা হচ্ছে। আগে পণ্য বিতরণে যে বিশৃঙ্খলা হতো, এতে তা অনেকটা কমে এসেছে।