চট্টগ্রামগামী যাত্রীবাহী বাস জিম্মি করে ডাকাতি ও ধর্ষণের ঘটনায় রাজা মিয়া (৩২) নামে একজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (০৪ আগস্ট) ভোর ৫টার দিকে টাঙ্গাইল সদর উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের উত্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হেলাল উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল সদর এলাকায় অভিযান চালিয়ে রাজা মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে চলন্ত বাসে ডাকাতি করার ঘটনা স্বীকার করেছে।
রাজা মিয়া জানিয়েছে, তারা ১০ জন মিলে ওই বাস জিম্মি করে চলন্ত অবস্থায় যাত্রীদের কাছ থেকে সব কিছু ডাকাতি করেছে। এছাড়া বাসে থাকা এক নারীকে তার সহযোগীরা ধর্ষণ করেছে।
যাত্রীদের বরাত দিয়ে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাজহারুল আমিন গণমাধ্যমকে জানান, ২৪ থেকে ২৫ জন যাত্রী নিয়ে ঈগল পরিবহনের বাসটি মঙ্গলবার রাতে ঢাকার দিকে রওনা দেয়। বাসটি সিরাজগঞ্জের কাছাকাছি দিবারাত্রি হোটেলে রাতের খাবার খাওয়ার জন্য বিরতি দেয়। রাত দেড়টার দিকে আবার যাত্রা শুরু করে। পথে কাঁধে ব্যাগ বহনকারী ১০ থেকে ১২ জন তরুণ যাত্রী বাসে ওঠেন। বাসটি বঙ্গবন্ধু সেতু পার হওয়ার পর যাত্রীবেশে থাকা তরুণেরা অস্ত্রের মুখে একে একে যাত্রীদের সবাইকে বেঁধে ফেলেন।
ওসি আরও জানান, ডাকাতেরা সব যাত্রীর কাছ থেকে মুঠোফোন, নগদ টাকা, স্বর্ণালংকার লুটে নেন। এরপর এক নারী যাত্রীকে ধর্ষণ করেন। বাসটি বিভিন্ন স্থানে ঘুরিয়ে তিন ঘণ্টার মতো নিয়ন্ত্রণে রাখেন তাঁরা। পরে পথ পরিবর্তন করে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের মধুপুর উপজেলার রক্তিপাড়া জামে মসজিদের কাছে রাস্তার পাশে বালুর ঢিবিতে বাসটি কাত করে রেখে ডাকাত দলের সদস্যরা চলে যান।