আসন্ন পবিত্র আশুরায় শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিলকে কেন্দ্র করে নাশকতার কোনো তথ্য নেই বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম।
তিনি বলেন, আপাতত তাজিয়া মিছিলকে কেন্দ্র করে নাশকতার কোনো তথ্য আমাদের কাছে নেই। গোয়েন্দা সূত্রে অথবা ডিএমপির সিটিটিসি সূত্রে এই ধরনের কোনো তথ্য পাওয়া যায়নি। তবে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পুলিশ ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।
বৃহস্পতিবার (৪ আগস্ট) বিকেলে পুরান ঢাকার হোসেনি দালানে পবিত্র আশুরা উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, তাজিয়া মিছিলের আনুষ্ঠানিকতা মূলত ৭ আগস্ট থেকে শুরু হয়ে ৯ আগস্ট পর্যন্ত চলবে। তবে কিছু কিছু জায়গায় ৬ আগস্ট থেকে শুরু হয় আনুষ্ঠানিকতা। মূলত এই অনুষ্ঠানটি চার দিনব্যাপী।
‘তাজিয়া মিছিলকে কেন্দ্র করে বিভিন্ন পয়েন্ট পুলিশ মোতায়েন থাকবে। রুফটপেও আমাদের পুলিশ মোতায়েন থাকবে। যেসব জায়গা থেকে তাজিয়া মিছিল শুরু হবে সেইসব জায়গায় আগে থেকে বোম ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াডের মাধ্যমে সুইপিং করা থাকবে। এছাড়া যেসব রাস্তা দিয়ে তাজিয়া মিছিল অতিক্রম করবে সেসব রাস্তা সম্পূর্ণ নিরাপত্তার বলয়ে বেষ্টিত থাকবে।’
তিনি বলেন, তাজিয়া মিছিলের দু-একদিন আগে থেকে সংশ্লিষ্ট এলাকার আশেপাশের হোটেলগুলোতে রেড ও ব্লক রেড পরিচালনা করা হবে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে তাজিয়া মিছিল নিয়ে কোনো ধরনের হিংসাত্মক বা অপপ্রচার বক্তব্য প্রচার করা হচ্ছে কি না সে বিষয়ে আমাদের নজরদারি থাকবে। সে অনুযায়ী আমরা ব্যবস্থা নেব। তাজিয়া মিছিলে নিরাপত্তা নিশ্চিতকরণে আমরা গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করছি। গোয়েন্দা সংস্থাগুলোর পক্ষ থেকে কোনো ধরনের তথ্য পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেব।
ডিএমপি কমিশনার আরও বলেন, প্রতি বছর তাজিয়া মিছিলে লক্ষাধিক মানুষ অংশ নেয়। তাজিয়া মিছিলের কারণে রাস্তায় কিছুটা যানজটের সৃষ্টি হতে পারে সেক্ষেত্রে আমি নগরবাসীকে অনুরোধ জানাবো তারা যেন বিষয়টি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন। এছাড়া যানজট নিয়ন্ত্রণে আমাদের পক্ষ থেকে যা করণীয় তা আমরা করব। আমরা আশা করি অনেক সুন্দর ও শান্তিপূর্ণভাবে এই ধর্মীয় উৎসব সম্পন্ন করতে পারব।