করোনা ভাইরাসে সারা দেশে গেলো ২৪ ঘণ্টায় দুইজনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৩০০ জনের।
এদিন, নতুন করে শনাক্ত হয়েছেন ২৭৮ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ছয় হাজার ৬৪৬ জন।
বৃহস্পতিবার (৪ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ২৭৮ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৬ হাজার ৬৪৬ জন। এ সময় করোনা থেকে সুস্থ হয়েছেন ৭৪১ জন। মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৪৫ হাজার ৮২৯ জন।
গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৪০৪টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫ দশমিক ১৪ শতাংশ।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম করোনা শনাক্ত হয়। এরপর তা দ্রুত সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। মৃত্যুপুরীতে পরিণত হয় বিশ্বের অধিকাংশ এলাকা। বাংলাদেশে করোনাভাইরাস শনাক্তের প্রথম খবর জানানো হয় ২০২০ সালের ৮ মার্চ। স্বাস্থ্য অধিদপ্তর প্রথম মৃত্যুর খবর জানায় ওই বছরের ১৮ মার্চ।