কালজয়ী সুরকার আলতাফ মাহমুদের কন্যা শাওন মাহমুদের জন্মদিন আজ, ৬ আগস্ট, শনিবার।
শাওন মাহমুদ একজন ফ্রিল্যান্স কলামলেখক। ফেসবুকের ‘অ্যাবাউট সেকশনে’ দেয়া পরিচয়ে নিজের সম্পর্কে তিনি লিখেছেন, ‘সামাজিক সচেতনতার পাশাপাশি, পারিবারিক সহিংসতা, মুক্তিযুদ্ধ এবং বাগান বিষয়ক লেখালেখি করে থাকি আমি।’
বাগানের বিষয়ে শাওন মাহমুদের এতটাই আগ্রহ যে নিজেকে তিনি চাষী হিসেবে পরিচয় দিয়ে থাকেন।
কিংবদন্তি পিতার মতো বাংলাদেশ নিয়েও প্রায়ই লেখালেখি করেন শাওন মাহমুদ। আলতাফ মাহমুদ যখন ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’ গানে সুর দেন তখন তার জন্মই হয়নি। সেটা ৫২’র ভাষা আন্দোলনের কথা। আর শাওন মাহমুদ জন্মগ্রহণ করেন ১৯৬৮ সালের এই দিনে।
এই গানের শিহরণে শাওন আজও ‘ছুঁয়ে ছুঁয়ে চলেন’ তার বাবাকে। গত ২০ ফেব্রুয়ারি তিনি সেকথা লিখেছিলেন ফেসবুকে, ‘এইতো আর কয়েক ঘণ্টা পরই পুরো বাংলাদেশ গেয়ে উঠবে: আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি। বাবার গান, আহা! আমাদের একুশের গান। গোটা বাংলাদেশটাই একুশে ফেব্রুয়ারিতে বাবা হয়ে যায়। প্রতি বছর এই দিনটির অপেক্ষায় থাকি। আমি ছুঁয়ে ছুঁয়ে চলি বাবাকে, সারাবেলা জুড়ে। অপার্থিব মূর্ছনায় আলতাফ মাহমুদ বয়ে বেড়ান প্রতি মুহূর্তে। এই বাংলাদেশের বাতাসে, তার কন্যার হাতের স্পর্শ ধরে।’
১৯৭১ সালের ৩০ আগস্ট পাকিস্তানি সেনাবাহিনী বাসা থেকে ধরে নিয়ে যায় আলতাফ মাহমুদ ও তার শ্যালকদের। ঘটনাক্রমে সেদিন তাদের সঙ্গে ছিলেন চিত্রশিল্পী আবুল বারক আলভী। তাদের ওপর অকথ্য নির্যাতন চালিয়েছিল হানাদাররা। আলভী ও তার শ্যালকেরা একদিন উদ্ধার পেয়েছিলেন সেই নরক থেকে, কিন্তু আলতাফ মাহমুদ আর ফিরে আসেননি।